‘নিউজিল্যান্ডে বাংলাদেশের ভয়ের কিছু নেই’

‘নিউজিল্যান্ডে বাংলাদেশের ভয়ের কিছু নেই’ (বাংলা ট্রিবিউন স্পোর্টস লাইভে আতাহার আলী খান।)বাংলা ট্রিবিউন ফেসবুক স্পোর্টস লাইভ শোতে সোমবার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার, আন্তর্জাতিক ধারাভাষ্যকার ও জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচক আতাহার আলী খান। উপস্থিত থেকে সাম্প্রতিক ও অতীত জীবনের নানা স্মৃতি রোমান্থন করেন তিনি।

এছাড়া বাংলাদেশ জাতীয় দলের আসন্ন নিউজিল্যান্ড সিরিজ নিয়েও কথা বলেন আতাহার আলী খান। তার মতে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ জেতার ক্ষমতা রাখে বাংলাদেশ।

আতাহারের মতে কন্ডিশন নিয়ে বাংলাদেশের ভাবনার কিছু নেই, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই। অন্য সময়ে ভিন্ন হলেও ডিসেম্বরে যে কন্ডিশন তাতে বাংলাদেশের খেলোয়াড়দের তেমন কোনও অসুবিধা হওয়ার কথা নয়। মূল বিষয় হলো ক্রিকেটের পারিপার্শ্বিকতা দেখে খেলা।’

তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশের খেলোয়াড়রা এখন অনেক অভিজ্ঞও বটে। তারা জানে নিউজিল্যান্ডের শক্তি সামর্থ্য কতটুকু। নিজের মাঠে এবং বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। সে ধারাবাহিকতা অব্যাহত রাখার সামর্থ্য বাংলাদেশের আছে।  তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা জানে নিউজিল্যান্ডে কিভাবে খেলতে হয়। তারা সেই অভিজ্ঞতাটা তুলে ধরবে বলেই আশা করি।’

এই সিরিজে বাংলাদেশের সিম বোলাররা নিউজিল্যান্ডে সুবিধা পাবেন বলেই মনে করছেন আতাহার, ‘সবচেয়ে বড় কথা বছরের এ সময়ে নিউজিল্যান্ডে সিম বোলাররা সুবিধা পান। বাংলাদেশের সিম আক্রমণটা আমি বলবো খুবই ভালো। তাই এ বিভাগেও বাংলাদেশের অগ্রগামিতা রয়েছে।’

আতাহার মনে করেন সিরিজে টাইগারদের সবচেয়ে বড় প্রেরণা হতে পারে দেশের বাইরে নিজেদের প্রমাণ করা। তার ভাষায়, ‘বাংলাদেশের খেলোয়াড়দের সবচেয়ে বড় প্রেরণা হতে পারে  দেশের বাইরে নিজেদের প্রমাণের সুযোগটা কাজে লাগানো। বাংলাদেশ যে বিদেশের মাটিতেও জিততে পারে তা প্রমাণ করার সুযোগটা খেলোয়াড়রা কাজে লাগাবে আশা করি। আর ওয়ান-ডে সিরিজটা ভালো খেললে এর প্রভাব গিয়ে পড়বে টেস্টে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নিউজিল্যান্ডে ওয়ান-ডে সিরিজ জেতার যোগ্যতা বাংলাদেশের আছে।’

/আরএম/এফআইআর/

 ভিডিও: