রেকর্ড গড়ে সাইফ হাসানের ডাবল সেঞ্চুরি

সাইফ হাসানের ডাবল সেঞ্চুরিপ্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড গড়লেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান। বাংলাদেশি ২৫তম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে এই কীর্তি গড়েছেন সাইফ। বাংলাদেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ১৮ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড এটি। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে এটি বাংলাদেশের ২৯তম ডাবল সেঞ্চুরিও।

এদিন ৪০৬ বলে ১৯ চারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তরুণ এই টপ অর্ডার ব্যাটসম্যান।  যেখানে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান ১৩৭ ওভারে পেসার সালমানের বলে এক রান নিয়ে।  শেষ পর্যন্ত ৪১০ বলে ২০ চার ও এক ছক্কায় ২০৪ রানে থামে তার ইনিংস।

সাইফ হাসান জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের খেলাতে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। পরের রাউন্ড অর্থ্যা শেষ রাউন্ডেই দেখা পেলেন ডাবল সেঞ্চুরির। সবমিলিয়ে ৪ ইনিংসে সাইফের সংগ্রহ ৩৬২ রান।

মঙ্গলবার শেষ রাউন্ডের প্রথম দিনেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাইফ।  বুধবার ১৩১ রানে খেলতে নেমে প্রথম ঘণ্টায় দেড়শ রান অতিক্রম করেন ঢাকার এই ক্রিকেটার।  লাঞ্চ বিরতির আগে অপরাজিত থাকেন ১৭৫ রানে।

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন হাবিবুল বাশার সুমন। ২০০১ সালে বিমানের হয়ে যশোরে ওই ইনিংসটি খেলেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। সর্বশেষ ডাবল সেঞ্চুরিটি এসেছে নাসির হোসেনের ব্যাট থেকে। ওই ম্যাচে নাসির খেলেন ২০১ রানের ইনিংস।

/আরআই/এফআইআর/