‘নতুন’ দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক বেহারদিন

ফারহান বেহারদিনশ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ‘বি’ দল নামাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ‘বি’ দল নয়তো কী, ১৩ জনের স্কোয়াডে নতুন মুখই যে ছয়জন! যে দলের অধিনায়ক অলরাউন্ডার ফারহান বেহারদিন।

২০ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ওই সিরিজের জন্য প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। কুড়ি ওভারের ক্রিকেটের নিয়মিত মুখ বলতে আছেন শুধু চারজন-বেহারদিন, ডেভিড মিলার, ইমরান তাহির ও অ্যারন ফাঙ্গিসো। এই চারজন ছিলেন বিশ্ব টি-টোয়েন্টিতে খেলা দক্ষিণ আফ্রিকার সবশেষ কুড়ি ওভারের ম্যাচে। কাউন্টি ক্যারিয়ার বেছে নেওয়ার কারণে বিবেচিত হয়নি কাইল অ্যাবট ও ডেভিড ওয়েস।

‘নতুন’ দলকে সুযোগ দিয়ে খানিক পরীক্ষা করতে চাইছে দক্ষিণ আফ্রিকা। তাই একসঙ্গে ছয় খেলোয়াড়কে সুযোগ দিয়েছে, যাদের আন্তর্জাতিক অঙ্গনে পা পড়েনি এখনও। তাদের সুযোগ দিয়ে প্রোটিয়াদের নির্বাচকরা বিশ্রাম দিয়েছেন নিয়মিত অধিনায়ক ফাফ দু প্লেসিসের সঙ্গে হাশিম আমলা, জেপি দুমিনি, কুইন্টন ডি কক ও কাগিসো রাবাদাকে। ক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল : ফারহান বেহারদিন (অধিনায়ক), থিউনিস ডি ব্রুইন, রেজা হেনড্রিকস, ইমরান তাহির, হেইনো কুহন, ডেভিড মিলার, মাঙ্গালিসো মোসেলে, লুঙ্গি এনগিদি, ওয়েইন পারনেল, ডেন প্যাটারসন, অ্যারন ফাঙ্গিসো, আন্দিলে ফিহলুকায়ো, জন-জন স্মুটস।

/কেআর/