পিএসএল ফাইনালে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ অনিশ্চিত!

পিএসএল ফাইনালে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ অনিশ্চিত!পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবারের পিএসএলের ফাইনাল। যদিও নিরাপত্তা আশঙ্কা রয়েই যাচ্ছে। কারণ নিয়মিত বিরতিতেই দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। সেই আশঙ্কায় বিদেশি ক্রিকেটারদের সেখানে না যেতে এই বিষয়ক প্রতিবেদন তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন, ফাইকা।

ফাইকার রিপোর্টে বলা হয়েছে, বিদেশি ক্রিকেটারদের সেখানে ভ্রমণে উচ্চ মাত্রার ঝুঁকি বিরাজ করছে। যেই অবস্থায় গ্রহণযোগ্য মাত্রার কোনও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

আয়োজকরা ইতোমধ্যেই মার্চে ফাইনালটি লাহোরে অনুষ্ঠিত হবে বলেই ঘোষণা দিয়েছে। আর বিদেশি ক্রিকেটাররা অংশ না নিলে পাকিস্তানি ক্রিকেটারদের দিয়েই টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা আয়োজকদের রয়েছে। তবে টুর্নামেন্টের শুরুর দিকের সব খেলাই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

তবে ফাইকা যেই রিপোর্ট দিয়েছে তাতে বিদেশি ক্রিকেটার অংশ নেওয়া নিয়ে এক প্রকার অনিশ্চয়তা রয়েছেই। কারণ তাদের রিপোর্ট ইতোমধ্যেই খেলোয়াড়, তাদের অ্যাজেন্ট ও বিভিন্ন বোর্ডের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরফলে কিছু বোর্ড হয়তো তাদের ক্রিকেটারদের এনওসি (অনাপত্তি পত্র) নাও দিতে পারে।

ফাইকা এসব ক্ষেত্রে খেলোয়াড়দের ভ্রমণে বাধা দিতে না পারলেও নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদন পেশ করে থাকে। তাদের সেই রিপোর্টেই বলা হয়েছে, ‘পাকিস্তান সব সময়ই সন্ত্রাসী হামলা প্রবণ দেশ। বিশেষ করে পশ্চিমাদেরই এসব ক্ষেত্রে লক্ষ্য বানানো হয়ে থাকে। এ ধরনের ঘটনা আরও হতে পারে। এসব ক্ষেত্রে ভ্রমণকারীদের বিষয়গুলো পুনর্বিবেচনা করা উচিত।’-ক্রিকইনফো।

/এফআইআর/