২০১৩ সালের মেতে দায়িত্ব নেওয়ার পর ডোমিঙ্গোর চুক্তির মেয়াদ দুইবার বাড়ানো হয়। শুরুতে ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব নেন তিনি। তবে সবার মিলিত সিদ্ধান্তে সেই মেয়াদ বাড়ানো হয় ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত। এরপর গত অক্টোবরে জানানো হয় ইংল্যান্ড সফর পর্যন্ত কোচ থাকবেন ডোমিঙ্গো।
তার আগে পর্যন্ত ডোমিঙ্গোর পদটি নড়বড়ে ছিল। কারণ ২০১৫-১৬ মৌসুমে দুটি বড় টেস্ট সিরিজ হেরেছিল প্রোটিয়ারা- একটি ভারতে ও অন্যটি ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে। এছাড়া গত বছরের বিশ্ব টি-টোয়েন্টি থেকে দ্রুত বিদায় নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পয়েন্ট টেবিলের একেবারে শেষে থাকার বিষয়টি তার ভবিষ্যতকে শঙ্কায় ফেলেছিল।
কিন্তু আগামী ইংল্যান্ড সফর পর্যন্ত চুক্তি নবায়ন করায় স্বস্তি ফিরে পান ডোমিঙ্গো। এরপর থেকে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়ায়। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে হোম টেস্ট সিরিজ জিতেছে তারা। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশে ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ ও প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আস্থার প্রতিদান দেন বর্তমান প্রোটিয়া কোচ। তবে শ্রীলঙ্কা টেস্টের পর ডোমিঙ্গো জানান, বর্তমান চুক্তি শেষে আর থাকতে চান না তিনি। হয়তো এ কারণেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নতুন বিজ্ঞপ্তি দিয়ে কাজ শুরু করতে চায়। আর সেটা জানিয়ে দিল আগেভাগেই। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/