চাহালের ঘূর্ণির আগে ব্যাটিংয়েও ঝড় তুলেছিল ভারত। সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির ঝোড়ো হাফসেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকরা স্কোরে জমা করে ২০২ রান। বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড বিধ্বস্ত হয় চাহালের বোলিংয়ে। গোটা কুড়ি ওভারও খেলতে পারেনি তারা, ১৬.৩ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরে জমা করতে পারে ১২৭ রান।
অনেক দিন পর ভারতীয় দলে সুযোগ মিলেছিল চাহালের। সেই সুযোগটা কাজে লাগালেন তিনি দারুণভাবে। ইংলিশ ব্যাটসম্যানদের তো শুধু গুড়িয়ে দিলেন না, সেই সঙ্গে রেকর্ড বইয়ে নিজের নামটাও লিখে নিলেন এই লেগ স্পিনার। ভারতের টি-টোয়েন্টি ইতিহাসের সেরা বোলার এখন চাহাল। ৪ ওভারে ২৫ রান খরচায় তার উইকেট ৬টি। কুড়ি ওভারের ক্রিকেট ইতিহাসে যেটি আবার তৃতীয় সেরা বোলিং।
২০৩ রানের লক্ষ্যে এউইন মরগানের দল অবশ্য এগোচ্ছিল সঠিক পথেই। কিন্তু সব এলোমেলো হয়ে যায় ১৪তম ওভারে। চাহালের স্পিনে ৮ রান তুলতে ইংল্যান্ড হারায় শেষ ৮ উইকেট। ওপেনিংয়ে স্যাম বিলিংস (০) দ্রুত ফিরলেও আরেক ওপেনার জেসন রয়কে সঙ্গে করে জো রুট পথেই রেখেছিরেন সফরকারীদের। ৩২ রান করে আউট হন রয়। এর পর অধিনায়ক মরগান ও রুট মিলে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন ইংলিশদের। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৬৪ রান। কিন্তু মরগান ২১ বলে ৪০ রান করে আউট হয়ে যাওয়ার পর ধসে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। চাহালের বিধ্বংসী রূপের শুরুটাও ওখান খেকেই। ৪২ রান করে রুট ফেরার পর ইংলিশ আর কোনও ব্যাটসম্যান যেতে পারেনি দুই অঙ্কের ঘরে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত বড় সংগ্রহ দাঁড় করায় রায়না ও ধোনির ঝোড়ো হাফসেঞ্চুরির ওপর ভর দিয়ে। রায়না ৪৫ বলে ২ চার ও পাঁচ ছক্কায় করেন ৬৩ রান। আর ধোনি ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় খেলেন ৫৬ রানের ইনিংস। যুবরাজ সিং ১০ বলে করেন ২৭ রান। ক্রিকইনফো
/কেআর/