প্রস্তুতি ম্যাচে ধুঁকল বাংলাদেশি বোলাররা

পাঞ্চালের দুর্দান্ত সব শটে হতাশ হতে হয়েছে বাংলাদেশকেপ্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বোলারদের কোনও ভালো অভিজ্ঞতা হলো না। দুইদিনের ম্যাচটি প্রত্যাশিতভাবে ড্র হলেও দুশ্চিন্তা নিয়েই একমাত্র টেস্ট খেলতে নামবে তারা। ভারতীয় ‘এ’ দলের তিন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ধুঁকতে হয়েছে মেহেদি হাসান মিরাজ ও শফিউল ইসলামদের। স্বাগতিকদের রানে চাপা পড়ে বাংলাদেশ। চারশতাধিক রান করে ‘এ’ দল।

৮ উইকেটে ২২৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারীরা। সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের ব্যাটে পঞ্চাশ ছোঁয়া ইনিংসই ছিল ব্যাটসম্যানদের প্রাপ্তি। এর পর বোলাররা কতটা সুবিধা করতে পারে সেটাই দেখার ছিল।

শুভাশীষ রায় ও তাইজুল ইসলাম তিনটি করে উইকেট নিয়ে কিছুটা উজ্জ্বল ছিলেন। কিন্তু রান খরচের বেলায় হাত খুলে দিয়েছেন তাইজুল। ২৮ ওভার বল করে ১৪১ রান দিয়েছেন তিনি। মেহেদি ১৬ ওভার বল করে ৯২ রান দিয়ে খালি হাতে শেষ করেছেন। এছাড়া অন্য বোলাররাও নিয়ন্ত্রিত বোলিং করতে পারেননি। শুভাশীষ ৫৭ ও শফিউল ৫০ রান দেন। শুধু প্রস্তুতি ম্যাচের জন্য নির্বাচিত পেসার আবু জায়েদ নজর কাড়তে পারেননি, ১৩ ওভারে ৭২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

মেহেদি তার ঘূর্ণিতে সুবিধা করতে পারেননিবাংলাদেশের বোলারদের হতাশ করা তিন সেঞ্চুরিয়ানের কেউই আউট হননি। প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চাল (১০৩) ও শ্রেয়াষ আয়ার (১০০) রিটায়ার্ড হার্ট হন। তারা দুইজন আর মাঠে না নামায় ৮ উইকেটে ৪৬১ রানে প্রথম ইনিংস শেষ হয় ‘এ’ দলের। বিজয় শঙ্কর অপরাজিত ছিলেন ১০৩ রানে।

শেষ বিকেলে ১৫ ওভার খেলতে পেরেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এর মধ্যে তামিম ইকবাল ৪২ রানে অপরাজিত থেকে আশা জাগিয়েছেন। সৌম্য সরকার ২৫ রানে আউট হন। আর প্রথম ইনিংসে ৫ রান করা মুমিনুল হক শেষ ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। ৭৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শেষ করে বাংলাদেশ।

/এফএইচএম/