আইপিএলের নিলামে বাংলাদেশের ৬ ক্রিকেটার

iplসাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের সামনের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা নিশ্চিত হয়ে ছিল আগেই। তাদের সঙ্গে ভারতের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেখা যেতে পারে আরও ছয় বাংলাদেশি ক্রিকেটারকে।

২০১৭ সালের আইপিএল নিলামে আছেন এনামুল হক, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ। তাদের প্রত্যেকেরই ভিত্তি মূল্য ধরা হয়েছে ভারতীয় মুদ্রার ৩০ লাখ রুপি। এই ছয় ক্রিকেটারদের মধ্যে কেবল তামিমের আছে আইপিএল অভিজ্ঞতা।

নিলামে থাকার দরকার পড়েনি সাকিব ও মুস্তাফিজকে। বাংলাদেশ তো বটেই, ক্রিকেট বিশ্বে নিজেদের নাম ছড়িয়ে দেওয়া এই তারকাদের ধরে রেখেছে তাদের দল। সাকিবকে রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর গত বছর সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জেতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মুস্তাফিজকে যে দলটি ধরে রাখবে, সেটা অনুমিতই ছিল।

আইপিএলের এক মৌসুমে পুনে ওয়ারিয়র্সের সঙ্গে ছিলেন তামিম। বাঁহাতি এই ওপেনারের দক্ষতা সম্পর্কে অজানা নয় আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ব্যাট হাতে দারুণ পারফরম করেছেন তিনি। অধিনায়ক হিসেবে চিটাগং ভাইকিংসকে বেশি দূর নিয়ে যেতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ছিলেন উজ্জ্বল। তার মতোই ওপেনিং ব্যাটসম্যান এনামুল হক অবশ্য জাতীয় দলের বাইরে অনেক দিন। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে তার ক্ষমতা নিয়ে কোনও প্রশ্ন নেই। সে কারণেই হয়তো আইপিএলের নিলামে আছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মিরাজ সবশেষ ভারতের বিপক্ষে টেস্টে ছিলেন একাদশে। টেস্ট অভিষেকে হইচই ফেলে দেওয়া এই অলরাউন্ডার স্পিন জাদুতে কুপোকাত করেছিলেন ইংল্যান্ডকে। ভারত সফরটাও মন্দ কাটেনি তার। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।

তাসকিনের ব্যাপারে ভারতের চেয়ে ভালো আর কে জানে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করা এই পেসার বিপিএলেও ছড়িয়েছেন আলো। ওই বিপিএলেই সেঞ্চুরি করেছেন সাব্বির রহমান। হার্ডহিটার এই ব্যাটসম্যানও আছেন বিপিএলের নিলামে। আছেন ২০১৬ সালের বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ। আইপিএল ওয়েবসাইট

/কেআর/