কপাল খুলছে লিটনের, পুড়ছে সাব্বিরের!

সাব্বির রহমানচূড়ান্ত ঘোষণা না এলেও একরকম নিশ্চিতই উইকেটরক্ষকের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন মুশফিকুর রহিম। টেস্ট অধিনায়ক উইকেটের পেছনে না দাঁড়ালে খুব সম্ভবত একাদশের দরজা খুলে যাবে লিটন দাসের, বিপরীতে কপাল পুড়বে সাব্বির রহমানের!

মুশফিকের উইকেটকিপিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে দলের খেলোয়াড় নির্বাচন ও ব্যাটিং পজিশনে স্বাভাবিকভাবেই পড়বে প্রভাব। কারণ মুশফিক এত দিন নিজে গ্ল্যাভস পড়ে থাকায় বাড়তি কোনও উইকেটরক্ষকের দরকার পড়েনি। ওই জায়গায় পুরোদস্তুর একজন ব্যাটসম্যান খেলিয়েছে বাংলাদেশ। এখন যেহেতু তিনি সরে দাঁড়াচ্ছেন উইকেটরক্ষকের চরিত্র থেকে, তাই ওই জায়গা পূরণের জন্য নতুন এক চরিত্র একাদশে ঢুকে যাচ্ছে এমনিতেই।

বলার অপেক্ষা রাখে না শ্রীলঙ্কার বিপক্ষে ওই জায়গাটা দখল করতে যাচ্ছেন লিটন। টেস্ট স্কোয়াডে মুশফিক ছাড়া উইকেটরক্ষক হিসেবে আছেন কেবল তিনিই। এটাই কাল হয়ে দাঁড়াচ্ছে সাব্বিরের জন্য। লিটন একাদশে এলে তার জায়গাটাই নড়বড়ে হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি। সিদ্ধান্ত অবশ্যই নেবে টিম ম্যানেজমেন্ট, তবে ম্যাচের আগে বাংলাদেশ দলের যে পরিকল্পনা বা একাদশ নিয়ে চিন্তা, সেখানে সাব্বিরের নাম কাটা পড়ার সম্ভাবনাই বেশি। সেটার খানিকটা ইঙ্গিত কিন্তু পাওয়া গেছে দুই দিনের প্রস্তুতি ম্যাচে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে খেলা ম্যাচে ১২ জনের দলে কিন্তু নেই সাব্বির!

লিটন দাসপ্রস্তুতি ম্যাচের যে ব্যাটিং লাইন আপ বাংলাদেশের, টেস্ট সিরিজেও সেটা হওয়ার সম্ভাবনাই প্রবল। মুশফিক কিপিং ছেড়ে দিলে তিনি চার নম্বরে খেলবেন, এটাও নিশ্চিত ছিল একরকম। প্রস্তুতি ম্যাচের একাদশে  মুশফিক ওই পজিশনে নেমেই খেলেছেন। আর সাত নম্বরে খেলেছেন লিটন। তার মাঝের জায়গাগুলোতে আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।

টেস্টে মিডল অর্ডারে ব্যাট করা সাব্বিরের জায়গা তাহলে কোথায়? মুশফিক কিপিং ছেড়ে দেওয়ায় সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে তাহলে সাব্বিরেরই!

/কেআর/