প্যাট কামিন্সের বোলিং তোপে তৃতীয় দিনে অস্ট্রেলিয়াই দাপট দেখিয়েছে বেশি। পারেনি শুধু পূজারার কাছে। সত্যিকার টেস্ট ব্যাটিংয়ে খেলে গেছেন রাঁচি টেস্টের তৃতীয় দিন। দলের বিপর্যয়ে এক প্রান্ত আগলে রেখে দিন শেষে অপরাজিত আছেন পূজারা ১৩০ রানে। ৩২৮ বলের ম্যারাথন ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৭ বাউন্ডারিতে। এরপরও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে অনেকটা পিছিয়ে আছে স্বাগতিকরা। এখনও ৯১ রানের বাধা টপকে নিতে হবে লিড, হাতে আছে মাত্র ৪ উইকেট।
তৃতীয় দিনের শুরুটা কিন্তু ভারতের ছিল দারুণ। দু্ই অপরাজিত ব্যাটসম্যান মুরালি বিজয় ও পূজারা মিলে এগিয়ে নিয়ে যান দলের রান। আগের দিনের ৪২ রান নিয়ে দিন শুরু করা বিজয় তুলে নেন হাফসেঞ্চুরি। হাঁটছিলেন সেঞ্চুরি পথেও, কিন্তু স্টিভ ও’কেফির ঘূর্ণিতে তার ইনিংসটা থামে ৮২ রানে। এরপরই শুরু ভারতের বিপর্যয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে ফর্মহীনতায় ভোগা অধিনায়ক কোহলি আবারও ব্যর্থ হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। কামিন্সের বলে স্মিথের হাতে ক্যাচ দেওয়ার আগে নামের পাশে যোগ করতে পারেন মাত্র ৬ রান। খানিক পর ওই কামিন্সেরই শিকার হয়ে ফিরে যান আজিঙ্কা রাহানে (১৪)। করুণ নায়ার অবশ্য পূজারাকে সঙ্গ দিচ্ছিলেন ভালোই, কিন্তু ভুল করে বসেন তিনিও। জস হ্যাজেলউডের বলে ক্লিন বোল্ড হয়ে যান ২৩ রান করে। এর পর কামিন্সের চতুর্থ শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন রবিচন্দ্রন অশ্বিন। দিনের বাকিটা পূজারা কাটিয়ে দিয়েছেন ১৮ রানে অপরাজিত থাকা ঋদ্ধিমান সাহাকে নিয়ে।
ভারতের মিডল অর্ডারকে ধসিয়ে দেওয়ার পথে নেতৃত্ব দেওয়া কামিন্সই তৃতীয় দিনে সেরা বোলার। এই পেসার ৫৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর :
(তৃতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস ৪৫১
ভারত : প্রথম ইনিংস ১৩০ ওভারে ৩৬০/৬ (পূজারা ১৩০*, বিজয় ৮২, লোকেশ ৬৭, নায়ার ২৩; কামিন্স ৪/৫৯, হ্যাজেলউড ১/৬৬)।
/কেআর/