শনিবার বাংলাদেশ সময় সকাল দশটায় মাঠে নামবে দুই দল। ক্রিকেটের পরিসংখ্যান নিয়ে মাশরাফি খুব একটা ভাবেন না। তবে তার বিশ্বাস ভালো ক্রিকেট খেললে সিরিজ জেতা সম্ভব। এরজন্য সেরা চেষ্টাই করবেন বলে জানিয়েছেন মাশরাফি। এমনকি সেরাটা দিতে পরিকল্পনা অনুযায়ী খেলার কথা বলেছেন বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক।
সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ এখন পর্যন্ত দশটি ওয়ানডে খেলেছে। এখানে বাংলাদেশের জয় কেবলমাত্র দুর্বল হংকংয়ের বিপক্ষে। বাকি নয়টিতে বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। ২০০৪ সালে এশিয়া কাপে বাংলাদেশ ১১৬ রানে হারিয়েছিল হংকংকে। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে চারটি, ভারতের বিপক্ষে দুটি এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে একটি করে ম্যাচ খেলেছিল লাল-সবুজরা। রানের হিসাবে ১৬৭ রানে এবং উইকেটের হিসাবে ৯ উইকেটে হারের রেকর্ড রয়েছে বাংলাদেশের।
এমন দুঃস্বপ্নের ভেন্যুতে শনিবার বাংলাদেশ সময় সকাল দশটায় মাঠে নামবে দুই দল। ক্রিকেটের পরিসংখ্যান নিয়ে মাশরাফি খুব একটা ভাবেন না। তবে তার বিশ্বাস ভালো ক্রিকেট খেললে সিরিজ জেতা সম্ভব। এরজন্য সেরা চেষ্টাই করবেন বলে জানিয়েছেন মাশরাফি, ‘জিততে পারলে খুবই ভালো লাগবে। এর জন্য আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে। আপনি যদি শেষ ম্যাচ দেখেন, ওরা কিন্তু তিনশ ছাড়ানো স্কোর গড়েছিল। অবশ্যই উইকেটও খুব ভালো ছিল। আমাদের হয়তো ওখান থেকে আরও ২০/২৫ রান কমানোর চেষ্টা করতে হবে। এমন কিছু করতে পারলে আমাদের জন্য কাজটা সহজ হবে। পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারলে খুব কঠিন হবে।’
১-০ ব্যবধানে এগিয়ে থেকে শনিবার মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি জিতলেই ২-০ ব্যবধানে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে সফরকারীরা। এমন একটি ম্যাচে নিজেদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে সংবাদ সম্মেলনে জানালেন মাশরাফি, ‘এটা খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আমরা নিজেদের সেরা চেষ্টা করবো। আশা করি, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবো।’
এসএসসির পরিসংখ্যান বলে এখানে বড় স্কোর হয়। তাইতো মাশরাফি তার সতীর্থদের সতর্ক থাকতে বললেন, ‘ইতিহাস বলে, এই মাঠে গড় সংগ্রহ ২৭০/২৮০ রান। তার মানে এখানে তিনশ রানের ওপরে স্কোর হতে পারে। আমি মনে করি, তার জন্য ছেলেদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে। এর পর দেখতে হবে কী হয়।’
তবে ফলাফল কী হবে সেইসব নিয়ে ভাবতে চান না অধিনায়ক মাশরাফি। সব বিভাগে ভালো ক্রিকেট খেলতে পারলে এমনিতেই জয় আসবে, ‘ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ। ভালো খেললে হয় কি অভ্যাসটা তৈরি হয়। জয়ের সুযোগ তৈরি হয়। তখন জয়ের সম্ভাবনাও বাড়তে থাকে। ভালো খেলা তাই খুব জরুরি।’
ডাম্বুলার মতো সিংহলিজে টস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে দিনের ম্যাচ বলে সেভাবে চিন্তা করছেন না মাশরাফি, ‘এখানে দিনের ম্যাচ। ওই দুর্ভাবনা থাকবে না। এটা ভালো উইকেট, শুনেছি ২৭০-২৮০ এখানে গড় স্কোর। আমাদের চেষ্টা থাকবে শ্রীলঙ্কাকে তিনশ রানের নিচে আটকে রাখতে।’
বৃহস্পতিবার হাথুরুসিংহে জানিয়েছিলেন ছেলেদের শরীরী ভাষার পরিবর্তনটা মাঠের পারফরম্যান্সে ইতিবাচক ভূমিকা রাখছে। মাশরাফিও ভবিষ্যতের জন্য এমন শরীরী ভাষা প্রয়োজন বলে মনে করেন, ‘ক্রিকেটে বা খেলাধুলায় শরীরী ভাষা একটা বড় ব্যাপার। আমরা এই জিনিসটা পরিবর্তন করতে চাই। আমরা হারি বা জিতি, শরীরী ভাষা সব সময় ঠিক রেখে সব সময় জেতা সম্ভব হবে তা নয়। এটা ধরে রাখতে পারলে ভবিষ্যতে খুব কাজে আসবে।’
/এফআইআর/