ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা হায়দরাবাদের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৯ রানে ফিরে যান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আইপিএলের গত মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ ও হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক এবার উদ্বোধনী ম্যাচে আউট হয়ে গেছেন ১৪ রান করে।
ওয়ার্নার ব্যর্থ হলেও অন্য ওপেনার শিখর ধাওয়ান এবং তিন ও চার নম্বরে নামা ময়সেস হেনরিক্স ও যুবরাজ সিংয়ের দারুণ ব্যাটিং বিশাল সংগ্রহ এনে দিয়েছে গতবারের চ্যাম্পিয়নদের। ধাওয়ান ৩১ বলে ৪০ ও হেনরিক্স ৩৭ বলে ৫২ রান করেছেন। তবে সবাইকে ছাপিয়ে গেছেন যুবরাজ। ‘যু্বি’র মাত্র ২৭ বলে তিনটি ছক্কা ও ৭টি চার সমৃদ্ধ ৬২ রানের ঝড়ো ইনিংস চার উইকেটে ২০৭ রানের ‘পাহাড়ে’ পৌঁছে দিয়েছে হায়দরাবাদকে।
বেঙ্গালুরুর শুরুটা হয়েছে হায়দরাবাদের ঠিক বিপরীত। ক্রিস গেইল (২১ বলে ৩২) ও মানদিপ সিং (১৬ বলে ২৪) ৫২ রানের উদ্বোধনী জুটি উপহার দিয়েছেন দলকে। কিন্তু কঠিন লক্ষ্য তাড়া করে জিততে পারেনি অতিথি দল। ট্র্যাভিস হেড (২২ বলে ৩০) আর কেদার যাদব (১৬ বলে ৩১) লড়াইয়ের চেষ্টা করলেও ১৭২ রানে অলআউট হয়ে গেছে বেঙ্গালুরু। দুটি করে উইকেট নিয়েছেন আশীষ নেহরা, ভুবনেশ্বর কুমার ও রশিদ খান।
এএআর/