আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। ২০১৫ সালে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। ঐ সিরিজটিই হতে পারে এ বছর। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও।
তবে বল মাঠে গড়ালে বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে থাকবে, সে বিষয়ে রানাতুঙ্গা নিশ্চিত। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে তিনি এনে দিয়েছেন বহু সাফল্য। সেই সব সাফল্যের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে বড় ১৯৯৬ বিশ্বকাপ। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে এবং থাকবে। ইদানীং অবশ্য ক্রিকেট নিয়ে ভাবার সময় কম। বর্তমানে তিনি বন্দর ও নৌমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে নিজের কার্যালয়ে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন রানাতুঙ্গা। আলোচনা শেষে বাংলাদেশের পরের সিরিজ কবে, নিজে থেকেই জানতে চাইলেন।
অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসতে পারে জেনে ১৯৮৮ সালে ঢাকা ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলা রানাতুঙ্গা বললেন, ‘তোমাদের ভালো সম্ভাবনা আছে। ঘরের মাঠে বাংলাদেশ সব সময় ভালো দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিন উইকেটে খেললে বাংলাদেশের ভালো সম্ভাবনা থাকবে। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্পিন উইকেটে ভালো করেছে। আমার মনে হয় এবারও তাই হবে। সব কিছু মিলিয়ে আমি বলবো বাংলাদেশই ফেভারিট।’
বাংলাদেশের ক্রিকেট সঠিক পথে রয়েছে বলে মনে করেন শ্রীলঙ্কার ক্রিকেটের স্বর্ণযুগের কাণ্ডারি রানাতুঙ্গা। তার দৃঢ় বিশ্বাস, এভাবে এগোতে থাকলে বাংলাদেশ ক্রিকেট বিশ্বের বড় দল হয়ে উঠবে।
/আরআই/এএআর/