মুস্তাফিজের অপেক্ষায় সানরাইজার্স হায়দরাবাদ

মুস্তাফিজুর রহমানবাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাওয়ায় আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। রবিবার গুজরাট লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তাকে পাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদ কোচ টম মুডি এখন তাকিয়ে পরের ম্যাচের দিকে। তার আশা, আগামী বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তৃতীয় ম্যাচেই পাওয়া যাবে ‘কাটার মাস্টার’কে।

কয়েক দিন আগে মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিল ভারতের গণমাধ্যম। তবে এ ধরনের খবরকে স্রেফ ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিলেন মুস্তাফিজ নিজেই। জানিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতির অপেক্ষায় আছেন তিনি।

হায়দরাবাদ সানরাইজার্স ও মুস্তাফিজ-ভক্তদের জন্য সুখবর, শনিবার বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন তিনি। বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আইপিএলে মুস্তাফিজের খেলার অনুমোদন পাওয়ার খবর নিশ্চিত করেছেন। আপাতত অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় তিনি।

ভিসা পেলে আগামী মঙ্গলবার মুম্বাইয়ের উদ্দেশে রওনা হতে পারেন গতবার ১৭ উইকেট নিয়ে হায়দরাবাদের আইপিএল জয়ের অন্যতম নায়ক। পরদিন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হায়দরাবাদের প্রথম ‘অ্যাওয়ে’ ম্যাচ। ওই ম্যাচে ‘দ্য ফিজ’কে পেতে আশাবাদী টম মুডি। রবিবার গুজরাট লায়ন্সের বিপক্ষে মুস্তাফিজ খেলতে পারবেন না জানিয়ে তিনি বলেছেন, ‘মুম্বাইয়ে মুস্তাফিজের দলের সঙ্গে যোগ দেওয়ার জোরালো সম্ভাবনা।’

/এফএইচএম/এএআর/