অধিনায়ক ম্যাক্সওয়েলের ব্যাটে পাঞ্জাবের শুভসূচনা

৪৪ রানের ঝড়ো ইনিংসের পথে পুল করছেন ম্যাক্সওয়েলআগের ম্যাচে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলে মুম্বাই ইন্ডিয়ান্সকে বলতে গেলে একাই হারিয়ে দিয়েছিলেন স্টিভেন স্মিথ। তবে শনিবার আইপিএলে জ্বলে উঠতে পারেননি রাইজিং পুনে সুপারজায়ান্টের অধিনায়ক। এবার বরং ‘ঝড়’ তুললেন তার প্রতিপক্ষ অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। সেই ‘ঝড়ে’ই পরাস্ত পুনে, আর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ী কিংস ইলেভেন পাঞ্জাব।  

ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মায়াঙ্ক আগারওয়ালকে (০) হারিয়েছে পুনে। অন্য ওপেনার আজিঙ্কা রাহানে ১৯ আর অধিনায়ক স্মিথ ফিরে গেছেন ২৬ রান করে। তবে বেন স্টোকস আর মনোজ তিওয়ারির দুটো আক্রমণাত্মক ইনিংস পুনেকে এনে দিয়েছে ৬ উইকেটে ১৬৩ রানের লড়াইয়ের পুঁজি। ৩২ বলে ৫০ রান করে স্টোকস ফিরে আসার পর দলকে টেনে নিয়ে গেছেন তিওয়ারি। ২৩ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন তিনি।

জবাবে ওপেনার হাশিম আমলা (২৮) ও চার নম্বরে নামা অক্ষর প্যাটেল (২৪) লড়াইয়ের চেষ্টা করলেও আস্কিং রেট বেড়ে যাওয়ায় একসময় দুশ্চিন্তায় পড়ে যায় পাঞ্জাব। কিন্তু ম্যাক্সওয়েল আর ডেভিড মিলারের দারুণ ব্যাটিংয়ে তাদের জয় পেতে সমস্যা হয়নি। অপরাজিত ছিলেন দুজনই। চারটি ছক্কা ও দুটি চারে ২০ বলে ৪৪ রান করেছেন ম্যাক্সওয়েল। অন্যদিকে মিলারের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩০ রান। দুজনের ৪৭ বলে অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটি এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দিয়েছে পাঞ্জাবকে।

এএআর/