অথচ গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে দলের অপরিহার্য সদস্য ছিলেন রুবেল। নিউজিল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলার সুযোগ পেলেও শ্রীলঙ্কায় সুযোগের অভাবে নিজেকে মেলে ধরতে না পারায় তিনি হতাশ।
রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় হতাশা চেপে রাখতে পারেননি রুবেল। জানালেন, আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাওয়ার লক্ষ্যে ঢাকা লিগে ভালো খেলতে তিনি কতটা মরিয়া, ‘আমি গত বছর প্রাইম ব্যাংকে খেলেছিলাম। এবারও একই দল আমার। এবারের লিগে ভালো খেলা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সামনে চ্যাম্পিয়নস ট্রফি, লিগে ভাল করলে আমার সামনে দলে ঢোকার সুযোগ থাকবে।’
শ্রীলঙ্কা সফরে একটি ম্যাচেও একাদশে সুযোগ হয়নি। এ নিয়ে হতাশা থাকলেও পেছনে নয়, রুবেল এখন তাকিয়ে সামনের দিকে, ‘হতাশা তো আছেই। তবে আমি এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই সফরে সুযোগ পাইনি ঠিকই, কিন্তু একসময় সুযোগ আসবে। যখন সুযোগ আসবে, তখন তা কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করবো।’
শ্রীলঙ্কায় সুযোগ না পাওয়া নিয়ে রুবেলের বক্তব্য, ‘ধারাবাহিকভাবে ম্যাচ খেলা খুব গুরুত্বপূর্ণ। কারণ একজন খেলোয়াড় টানা ম্যাচ খেললে তার আত্মবিশ্বাসও অন্য লেভেলে চলে যায়। অন্যদিকে অনিয়মিত হলে মনের মধ্যে ভীতি কাজ করে। মাথায় চলে আসে, ম্যাচটা খারাপ খেললেই হয়তো পরের ম্যাচে ড্রপ করা হবে। অবশ্য এর একটা ভালো দিকও আছে। প্রত্যেক ম্যাচেই ভালো খেলার চ্যালেঞ্জ থাকে। শ্রীলঙ্কা সফরে খেলতে পারিনি টিম কম্বিনেশনের কারণে।’
শুধু রুবেল নিজে নন, দলের অন্যতম সেরা পেসার সুযোগ না পাওয়ায় মাশরাফি বিন মুর্তজাও কিছুটা হতাশ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে আক্ষেপও প্রকাশ করেছিলেন বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়া অধিনায়ক।
/আরআই/এএআর/