রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাশরাফির অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়েন রুবেল, ‘ছোটবেলা থেকেই আমি মাশরাফি ভাইয়ের ভক্ত। তিনি একজন আদর্শ ক্রিকেটার। তাকে ফলো করেই আমি বড় হয়ে উঠেছি। তার সঙ্গে হয়তো আর টি-টোয়েন্টি খেলা হবে না। এজন্য খুব খারাপ লাগছে।’
২০১৪ সালে মাশরাফি অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে যেতে থাকে বাংলাদেশ দল। তার হুট করে টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত ভক্ত-সতীর্থ কেউই মেনে নিতে পারছে না। মাশরাফির নেতৃত্বে একতাবদ্ধ হয়ে উঠেছে বাংলাদেশ, দলে কোনও বিভেদের ফাটল নেই। সবার কাছেই তিনি ‘নেতা’। এমন এক ব্যক্তিত্বের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন রুবেল, ‘মাশরাফি ভাই একজনই আছেন। অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে। খেলার বাইরেও শেখার জন্য তার সঙ্গে কথা বলা উচিত আমাদের। বিশেষ করে প্রত্যেক পেস বোলারের তার কাছ থেকে শেখার আছে। তিনি একজন পেসারের অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন।’
সারা শরীরে ৭টি অস্ত্রোপচারের ধকল সামলে খেলে যাচ্ছেন মাশরাফি। এর মধ্যে ৬টি অস্ত্রোপচার হয়েছে দুই হাঁটুতে। রুবেল এনিয়ে ভীষণ অবাক, ‘এখন যারা উঠে আসছে সবাই মাশরাফির ভাইয়ের ভক্ত। তার দুর্ভাগ্য, পায়ে অনেকবার সার্জারি করেছে। তবে অসম্ভব মনের জোরে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার টেনে নিয়ে যেতে পেরেছেন। ক্রিকেট বিশ্বে এমন কেউ নেই যে দুই পায়ে এতোগুলো অপারেশন নিয়ে খেলা চালিয়ে গেছেন। সত্যিই এটা বিস্ময়কর।’
/আরআই/এএআর/
আরও পড়ুন: