কলকাতার বিপক্ষে এদিন প্রথম ম্যাচে বিকাল সাড়ে ৪টায় মুখোমুখি হবে হায়দরাবাদ। ইডেনের শুকনো পিচ প্রত্যাশা করে ‘দ্য ফিজ’ বলেছেন, ‘কাটার নির্ভর করে উইকেটের উপর। ম্যাচটি দিনে শুরু, যদি উইকেট শুকনো থাকে তাহলে কাটার দেখার সুযোগ পাওয়া যাবে।’
শ্রীলঙ্কা সফরে থাকায় আইপিএলের প্রথম দুই ম্যাচে ছিলেন না বাংলাদেশের এ পেসার। মুম্বাইয়ের বিপক্ষে খেলেছেন এ আসরের প্রথম ম্যাচ, যেখানে মাত্র ২.৪ ওভার বল করে কোনও উইকেট না পেয়ে দিয়েছেন ৩৪ রান। প্রথম ম্যাচের অভিজ্ঞতা নিয়ে মুস্তাফিজ বলেছেন, ‘প্রথম ম্যাচে আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি। লেন্থে বেশ সমস্যা হচ্ছিল এবং যেখানে বল ফেলার কথা সেখানে ফেলতে পারছিলাম না।’
কলকাতার বিপক্ষে পেসনির্ভর হায়দরাবাদ সুবিধা পাবে বিশ্বাস মুস্তাফিজের, ‘যদি উইকেট ভালো থাকে তাহলে অবশ্যই আমরা ভালো করব। আমাদের শক্তিশালী পেস বোলিং ইউনিট আছে। ব্যাটিংও ভালো।’ নিজের সেরাটা দিয়ে দলকে জেতাতে চান তিনি, ‘আমি যখন খেলি সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার। যদি দলে জায়গা পাই তাহলে আমি সেরাটাই দেব।’ সূত্র- ওয়ানইন্ডিয়া
/এফএইচএম/