ভারতের বিপক্ষে পাকিস্তানকে নিয়ে আশাবাদী ইনজামাম

480384-317047-inzamam-ul-haqsmile700চ্যাম্পিয়নস ট্রফি ছাড়া আইসিসির আর কোনও ইভেন্টে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের অভিজ্ঞতা নেই। ২০০৪ সালে এজবাস্টনে ও সেঞ্চুরিয়নে ২০০৯ সালে চিরপ্রতিদ্বন্দ্বীদের তারা হারিয়েছিল ৩ উইকেট ও ৫৪ রানে। টুর্নামেন্টের আগামী আসরের প্রথম ম্যাচে আবার মুখোমুখি ভারত ও পাকিস্তান। এ মহারণে নিজের দেশকে এগিয়ে রাখছেন সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। টুর্নামেন্টের শুরুতে এ ম্যাচকে গুরুত্বপূর্ণ মানছেন পাকিস্তানের প্রধান নির্বাচক।

আগামী ৪ জুন গ্রুপের লড়াইয়ে প্রথম ম্যাচে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে যেখানে এগিয়ে ভারত। এছাড়া বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে ভালো রেকর্ড আছে তাদের। তবে পাকিস্তানি খেলোয়াড়রা হাল ছেড়ে দেবে না বিশ্বাস ইনজামামের।

কয়েকদিন আগে আরেক সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি জানান, চ্যাম্পিয়নস ট্রফি বলেই পাকিস্তান সবচেয়ে এগিয়ে এ ম্যাচে। তার সঙ্গে সায় দিলেন এবার ইনজামাম। তিনি নিশ্চিত দলের খেলোয়াড়রা আগের চেয়ে ভালো পারফরম্যান্স করবে, ‘বড় বড় ইভেন্টে ভারতের বিপক্ষে আমাদের ভালো রেকর্ড নেই। কিন্তু প্রতিটা দিন নতুন। আমি নিশ্চিত প্রথম ম্যাচে খেলোয়াড়রা ভালো পারফর্ম করবে। ৪ জুনের ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভারতের বিপক্ষে ম্যাচ বলেই শুধু নয়। আরেকটি কারণ হচ্ছে সেমিফাইনালে ওঠার দীর্ঘ লড়াইয়ে এ ম্যাচ আমাদের সহায়তা করবে।’

এক্সপ্রেস ট্রিবিউনকে ইনজামাম আরও জানান, তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশেলে তার দল খুব শক্তিশালী। তাদের কাছে ভালো কিছুর আশা করছেন প্রধান নির্বাচক। সূত্র- এক্সপ্রেস ট্রিবিউন

/এফএইচএম/