ব্যতিক্রমী সেই বিজ্ঞাপন চিত্রে মাশরাফি-মুশফিক-রুবেলদের দারুণ মজার মজার দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। প্রথম দৃশ্যে রুবেল হোসেন ও তামিমকে দেখা যায়। রুবেল নেটে বোলিং করছেন, অন্যদিকে সেটি ভিডিও করছেন তামিম। সঙ্গে সঙ্গে তামিম সেটি পাঠিয়ে দিচ্ছেন মাশরাফির কাছে। যে বলটা ভালো হচ্ছে না, তাতে হতাশা প্রকাশ করছেন। আবার যেটা ভালো হচ্ছে, তাতে আনন্দ প্রকাশ করছেন ওয়ানডে দলের অধিনায়ক।
এর পরের দৃশ্যও ছিল দুষ্টুমিতে ভরপুর। যেই দৃশ্যে তামিম ও সাব্বির পাশাপাশি ক্ল্যাশ অব ক্ল্যানস খেলছিলেন। পিছন থেকে তাদের খেলা দেখতে উপস্থিত হন রুবেল ও মিরাজ। তামিম মিরাজকে ইঙ্গিত করেন সাব্বিরের ফোনটা কেড়ে নিতে। যেই বলা সেই কাজ। রুবেল ও মিরাজ মিলে সাব্বিরের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। আর তাতেই জিতে যায় তামিম!
পরবর্তী দৃশ্যটি ছিল আবার টিম বাসেই। এবার মুশফিক একে একে তাসকিন-সৌম্যর কাছে যান। কিন্তু সবাই ফোনে ব্যস্ত থাকায় মুশফিক নিজেও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।
এই বিজ্ঞাপনের শেষ হয় বৃদ্ধাশ্রমে। দল-বল নিয়ে মাশরাফি চলে যান বৃদ্ধাশ্রমে। সালাম দিয়ে বৃদ্ধাশ্রমের ভিতরে ঢোকেন মাশরাফিরা। জাতীয় দলের ক্রিকেটারদের কাছে পেয়ে বৃদ্ধাশ্রমের ‘মা-বাবারা’ আনন্দে উদ্বেলিত হয়ে উঠেন। সেখানে সবার সঙ্গে ক্যারম খেলায় মেতে উঠেন সাব্বির-সৌম্য-মাশরাফি-তামিম। এর পর সাব্বির রহমানের সেলফিতে বন্দি হন মাশরাফি-ইমরুল-মিরাজ-রুবেল-তামিম-মাহমুদউল্লাহরা।
জাতীয় দলের তারকাদের এমন ভিন্ন স্বাদের বিজ্ঞাপন চিত্র খুব যে একটা আছে, তা বলা দুষ্কর। তাই তাদের সাবলীল উপস্থাপনে তৈরি এমন বিজ্ঞাপন চিত্র ইতিবাচকভাবেই জন্ম দিয়েছে নানা আলোচনার!
/আরআই/এফআইআর/