বুধবার বাংলাদেশ সফরের শেষ দিনে র্যাব ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দুপুর তিনটা মিরপুরে বিসিবি কার্যালয়ে যান ক্যারল। শেরে বাংলা
স্টেডিয়াম পরিদর্শন করে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘বিসিবির নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আমি খুব খুশি। কিন্তু এখনই এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। তবে আমি অবশ্যই ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিজের সন্তুষ্টির কথা জানাব। সব ধরনের সহযোগিতার জন্য বিসিবিকে ধন্যবাদ।’
তাহলে কি প্রস্তাবিত সূচী অনুযায়ী হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ? এমন প্রশ্নে ক্যারল অবশ্য বেশ সাবধানি, ‘দেখুন, আমি কিন্তু বলেছি যে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আমি খুশি। এখনই এর বেশি কিছু বলতে পারছি না। সিরিজ নিয়ে আমার সুপারিশ ক্রিকেট অস্ট্রেলিয়াকেই জানাব।’
সফরের সূচি নির্ধারণ হতে পারে কয়েক দিনের মধ্যে। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, কোরবানি ঈদের আগে প্রথম এবং পরে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা।
প্রসঙ্গত, ২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে সফর স্থগিত করে তারা। একই আশঙ্কায় গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও অংশ নেয় নি অস্ট্রেলিয়া।
/আরআই/এএআর/