লিটনের সেঞ্চুরির কাছে ‘পরাস্ত’ নাঈমের সেঞ্চুরি

ম্যাচসেরার পুরস্কার হাতে লিটনলিটন দাসের অসাধারণ সেঞ্চুরির ওপরে ভর করে সহজ জয় পেয়েছে আবাহনী। বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী ৪৯ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। রূপগঞ্জের নাঈম ইসলাম সেঞ্চুরি করলেও তা দলকে জয়ের পথে নিয়ে যেতে ব্যর্থ।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে ৩৩৩ রানের বিশাল সংগ্রহ গড়ে আবাহনী। ওপেনার লিটনের ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস নির্মিত ১০১ বলে, ২০টি চার ও ৩টি ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ রান এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে।

রূপগঞ্জের পক্ষে মোশাররফ হোসেন ও মোহাম্মদ শরীফ তিনটি করে উইকেট নিয়েছেন। মাহমুদুল হাসানের শিকার দুই উইকেট।

জবাবে ৬ উইকেটে ২৮৪ রানে থেমে যায় রূপগঞ্জের ইনিংস। ৪৬ রানে তিন উইকেট হারানোর পর দলকে লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন নাঈম। তবে তার ১১৯ বলে খেলা ১১টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ ১২৩ রানের লড়াকু ইনিংস রূপগঞ্জকে জয় এনে দিতে পারে নি। মোশাররফ খেলেছেন ৬৭ রানের ইনিংস।

৪৪ রানে ৩ উইকেট নিয়ে আবাহনীর সেরা বোলার আবু জায়েদ রাহি।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিটন।

/আরআই/এএআর/