ইমতিয়াজের সেঞ্চুরিতে দোলেশ্বরের সহজ জয়

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে ইমতিয়াজঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বরের কাছে পাত্তাই পায় নি খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ইমতিয়াজ হোসেনের অপরাজিত শতক ১০ উইকেটের সহজ জয় এনে দিয়েছে দোলেশ্বরকে।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫.৩ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে যায় খেলাঘর। সর্বোচ্চ ৭৩ রান আসে অমিত মজুমদারের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান সুরাজ রানদিভের।

দোলেশ্বরের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি ও চতুরাঙ্গা ডি সিলভা।

১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে খেলাঘরের বোলারদের নিয়ে রীতিমতো ‘ছেলেখেলা’ করেছেন ইমতিয়াজ ও আব্দুল মজিদ। দুই ওপেনারের দৃঢ়তায় ৩৩.১ ওভারে বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দোলেশ্বর।

৯৯ বলে ১০৭ রানে অপরাজিত ইমতিয়াজের দুর্দান্ত ইনিংস সাজানো ১০টি চার ও ৩টি ছক্কায়। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি। মজিদ অপরাজিত ছিলেন ৬৪ রানে ।

/আরআই/এএআর/