জুনায়েদ-কাপালির ব্যাটে ব্রাদার্সের বিশাল জয়

জুনায়েদের সেঞ্চুরি উদযাপনপ্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১ রানে হারের পর ঘুরে দাঁড়াল ব্রাদার্স ইউনিয়ন। বৃহস্পতিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে তারা হারিয়েছে ১২৯ রানে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম রাউন্ডে জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরি ও অলক কাপালির হাফসেঞ্চুরিতে ৮ উইকেটে ২৭৬ রান করে ব্রাদার্স। বৃষ্টিতে দুই ইনিংসই এক ওভার করে কমানো হয়।

জুনায়েদের সঙ্গে কাপালি ১০০ রানের জুটি গড়েন। ১২৩ বলে ৮ চারে ১১০ রান করেন জুনায়েদ। কাপালির ব্যাটে আসে ৪৮ বলে ৫১ রানের ইনিংস, ৭টি চার হাঁকান তিনি।

মোহামেডানের সাজেদুল ইসলাম, তাইজুল ইসলাম ও এনামুল হক জুনিয়র ২টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে সৈকত আলী ও অভিষেক মিত্রের ব্যাটে ভালোই চলছিল মোহামেডানের। কিন্তু এ জুটি বিচ্ছিন্ন হলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। ৪৪ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারায় তারা। সৈকত ইনিংস সেরা ৭০ রান করেন। অভিষেকের ২৯ রান ছিল দ্বিতীয় সেরা। ৩৫.৪ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় মোহামেডান।

ইফতেখার সাজ্জাদ ব্রাদার্সের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন। ২টি করে পান নিহাদুজ্জামান ও কাজী কামরুল ইসলাম।

/এফএইচএম/