তার নামে কুৎসা রটানোয় পিসিবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন জামশেদ। গত পিএসএলে কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে না খেললেও তদন্তে উঠে আসে তার নাম। তাৎক্ষণিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি। এছাড়া যুক্তরাজ্যের অপরাধ সংস্থা গ্রেফতারও করে তাকে। পরে জামিনে মুক্ত হন জাতীয় দলে উপেক্ষিত এ ওপেনার।
টুইটার অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় জামশেদ পিসিবিকে চ্যালেঞ্জ করে জানান, তার বিরুদ্ধে আনীত সব অভিযোগের প্রমাণ জনসম্মুখে প্রকাশ করা হোক। ২৭ বছর বয়সীর অভিযোগ, তার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ দিতে খেলোয়াড়দের জবরদস্তি করছে বোর্ড।
পিসিবির আচরণের বিরোধিতা করে জামশেদ বলেছেন, ‘পিসিবি আমার সঙ্গে অন্যায় করছে। তারা খেলোয়াড়দের প্ররোচিত করে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করছে। আমার নামে কুৎসা রটানো বন্ধ করুন। আমার বিরুদ্ধে প্রমাণ জনসম্মুখে আনার চ্যালেঞ্জ জানাচ্ছি পিসিবিকে। এসব কারণে আমার ব্যক্তিগত জীবন প্রভাবিত হচ্ছে। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি। আমরা চাই এনিয়ে পিসিবি আদালতে হাজির হোক।’ সূত্র- ডন, ক্রিকইনফো
/এফএইচএম/