বাংলাদেশ প্রথমবারের মতো সেরা আটের মধ্যে থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে। গত কয়েক বছর ধরে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যই র্যাংকিংয়ে টাইগারদের উন্নতি ঘটিয়েছে।
বাস্তবিক অর্থেই শিরোপা জয়ের জন্য বাংলাদেশ এখনই তৈরি না বলেই মনে করেন রফিক, ‘বাংলাদেশ এই মুহূর্তে ভালো ক্রিকেট খেললেও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল হয়ে উঠতে পারেনি। আরও কিছু সময় তাদের লাগবে। যেভাবে ক্রিকেট খেলছে, সেই ধারা অব্যাহত রাখতে পারলে অল্প কিছুদিনের মধ্যেই শিরোপার দাবিদার হয়ে উঠবে তারা। সেটা হতে পারে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেই!’
সাবেক এ স্পিনার আরও যোগ করেছেন, ‘তবে এই মুহূর্তে আমি বলতে পারি, চ্যাম্পিয়ন হওয়ার মতো দল নয় বাংলাদেশ। তাই বলে আমি কিন্ত বাংলাদেশের সাফল্যকে খাটো করছি না। আমার মনে হয় আরও কিছুদিন সময় লাগবে ওই পর্যায়ে যেতে। আর এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলব বলেই মনে হয়। আমি বিশ্বাস করি দুটি ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে যাওয়ার সম্ভবনা তৈরি হবে। আমার বিশ্বাস তারা এটা করতে পারবে।’
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিটা আয়ারল্যান্ডে হওয়াতে কিছুটা হতাশ রফিক, ‘প্রস্তুতিটা আয়ারল্যান্ডে নেওয়া হয়েছে। ওখানকার উইকেট আর ইংল্যান্ডের উইকেট অনেক আলাদা। যারা স্ট্রোক বেশি খেলতে পারবে তারাই সফল হবে। কিন্তু যারা পারে না তারা যদি স্বাভাবিক খেলার বাইরে খেলতে চায়। সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে।’
চ্যাম্পিয়ন ট্রফিতে কোটি ক্রিকেট ভক্তদের প্রত্যাশার চাপ নিয়েই মাঠে নামতে হচ্ছে টাইগারদের। সম্প্রতিক পারফরম্যান্সের কারণেই প্রত্যাশার চাপটা খানিকটা বেড়ে গেছে। তবে রফিক মনে করেন, ‘একটা টুর্নামেন্টে খেলতে গেলে খেলোয়াড়দের মধ্যে বাড়তি চাপতো থাকবেই। চাপ ছাড়া কখনোই খেলা সম্ভব নয়।’
পাকিস্তানের বিপক্ষে ডেথ ওভারে বেশ কিছু ভুল করেছে বাংলাদেশের বোলাররা। বিষয়টি তুলে ধরেছেন বাংলাদেশের সাবেক তারকা, ‘ডেথ ওভারের বোলিং খুবই গুরুত্বপূর্ণ। মোস্তাফিজ ওই সময় আমাদের দলের মূল চাবিকাঠি। মাশরাফিও অনেক দিন দলকে সমর্থন করে গেছে। তবে আমার মনে হয় রুবেলই ডেথ বোলিংয়ে আমাদের সেরা অস্ত্র।’
/আরআই/এফএইচএম/