দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাথুজকে নিয়ে শঙ্কা

251399.3হ্যামস্ট্রিংসহ পায়ের কয়েকটি চোটের কারণে গত জানুয়ারি থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি অ্যাঞ্জেলো ম্যাথুজের। ফিটনেসের পরীক্ষা দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি দলে জায়গা পেয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ করেছেন ব্যাট হাতে। কিন্তু আবারও চোটের আশঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শনিবার গ্রুপের প্রথম ম্যাচে তাকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘ব্যথা পাওয়ার কথা বলেছেন ম্যাথুজ। আমাদের টিম ম্যানেজমেন্ট বিষয়টি পর্যবেক্ষণ করে জানিয়েছে তার পেশীতে টান পড়েছে। আগামী কয়েক দিন সেবা শশ্রুষার মধ্যে থাকবেন তিনি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তার মাঠের বাইরে থাকার সম্ভাবনা বেশি।’

শ্রীলঙ্কা দলে তার না থাকা হতে পারে বড় ধাক্কা। একাদশে ভারসাম্য অনেকটা তার ওপর নির্ভর করে। ওয়ানডেতে ১০ ওভার বল প্রায় করেন এবং ৫ নম্বরে নেমে ভালো ব্যাটিং ফর্মে আছেন। অসিদের বিপক্ষে ১০৬ বলে ৯৫ রান করেছিলেন লঙ্কান অধিনায়ক। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামা হয়নি তার।

ম্যাথুজ না খেললে সহঅধিনায়ক উপুল থারাঙ্গা শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/