কোহলিকে দ্রুত আউট করার পরিকল্পনা পাকিস্তানের

india-pakistan-1458417631-800ভারত ও পাকিস্তান তাদের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করতে যাচ্ছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী রবিবার মুখোমুখি হচ্ছে এজবাস্টনে। ক্রিকেট বিশ্বের চোখ এখন পাক-ভারত লড়াইয়ে। আগুনে-বারুদে লড়াইয়ের অপেক্ষায় দুই দলের খেলোয়াড়রাও। একে অপরকে হারানোর ছক কষে রেখেছে দুই দল। ভারতকে চাপে ফেলতে এরই মধ্যে পরিকল্পনা করে ফেলেছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

নিজ দলের সুযোগ সম্ভাবনার ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সংবাদ সম্মেলনে শনিবার সরফরাজ বলেছেন, ‘কাগজে কলমে ভারতের আছে শক্তিশালী লাইনআপ। কিন্তু আমরাও ভালোভাবে প্রস্তুতি নিয়েছি।’ দুই দেশের ক্রিকেটীয় লড়াই নিয়ে যে উত্তেজনা বিরাজ করছে সেটা নিয়ে অধিনায়কের মত, ‘ভারত ও পাকিস্তান যখন মুখোমুখি হয় তখন এটা সবসময় অন্যরকম মাত্রা পায়। এসব গোলমেলে কথা থেকে আমরা সবসময় দূরে থাকার চেষ্টা করি। আমি ছেলেদের বলেছি লোকে যেসব বলছে বা লিখছে সেসবে মন না দিতে। তাদের ক্রিকেটে মন দিতে বলেছি।’

ভারতের সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে আলাদা ছক কষছে পাকিস্তান। সরফরাজের বিশ্বাস, প্রতিপক্ষের এ তারকা ব্যাটসম্যানকে দ্রুত ক্রিজ ছাড়া করতে পারলেই কাজ সহজ হয়ে যাবে, ‘কোনও সন্দেহ নেই কোহলি একজন ভালো খেলোয়াড়। কিন্তু তার জন্য আমাদের পরিকল্পনা আছে। সে তাদের অধিনায়ক ও সেরা খেলোয়াড়। তাকে দ্রুত আউট করতে যা করার করব আমরা। তাহলে তাদের অন্য খেলোয়াড়দের উপর চাপ পড়বে।’ সূত্র- ডিএনএইন্ডিয়া

/এফএইচএম/