রোহিতের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির আক্ষেপ ফুরাল না রোহিতেরওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করতে আবারও ব্যর্থ হলেন রোহিত শর্মা। এবার খুব কাছে গিয়েছিলেন, কিন্তু ৯ রানের আক্ষেপে পুড়তে হলো ভারতীয় ওপেনারকে। ৭১ বলে ক্যারিয়ারের ৩০তম হাফসেঞ্চুরির পর রোহিত থেমেছেন ৯১ রানে। খুব সূক্ষ্ম রানআউটের শিকার তিনি। বৃষ্টিতে প্রতি ইনিংসের দৈর্ঘ্য ৪৮ ওভার হয়ে যাওয়া ম্যাচে ভারত ৩৮ ওভারে ২ উইকেটে করেছে ২০২ রান।

চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা ধরে রাখার মিশনে ভারত টসে হেরে ব্যাট করতে নামে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত ও শিখর ধাওয়ান সাবধানী ব্যাটিং করছিলেন শুরু থেকে। তবে হঠাৎ করে তারা খোলস ছেড়ে বেরিয়ে আসেন। দারুণ কয়েকটি চার-ছয়ের প্রদর্শণীতে হাফসেঞ্চুরি করেন তারা দুজন।

রোহিত ৭১ বলে ৩০তম হাফসেঞ্চুরি করেন। তার চেয়ে কম সময় নিয়েছেন ধাওয়ান, পঞ্চাশ ছুঁতে তার লেগে ৪৮ বল। এটি তার ক্যারিয়ারের ১৮তম হাফসেঞ্চুরি। সাদাব খানের বলে আজহার আলীর ক্যাচ হওয়ার আগে ধাওয়ান ১৩৬ রানের জুটি গড়েন রোহিতের সঙ্গে। ৬৫ বলে ৬ চার ও ১ ছয়ে ৬৮ রান করেন তিনি। রোহিত দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন। কোহলি সিঙ্গেল নিতে গেলে নন-স্ট্রাইকিং প্রান্ত থেকে দৌড়ে এসে প্রাণপণ ডাইভিং দিয়েও উইকেট বাঁচাতে পারেননি রোহিত। 

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচজয়ী ইনিংস খেলা ফাহিম আশরাফ বাদ পড়েছেন পাকিস্তানের একাদশ থেকে। ভারতের একাদশে নেই মোহাম্মদ সামি ও রবিচন্দ্রন অশ্বিন।

পাকিস্তান একাদশ- আজহার আলী, আহমেদ শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, সাদাব খান, ওয়াহাব রিয়াজ ও হাসান আলী

ভারত একাদশ- রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও জশপ্রীত বুমরাহ।

/এফএইচএম/