বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকাচ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচটিই পরিণত হচ্ছে অলিখিত কোয়ার্টার ফাইনালে! কারণ এ ম্যাচের বিজয়ী দলই খেলবে সেমিফাইনালে। যাদের প্রতিপক্ষ হবে বাংলাদেশ। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

জয় দিয়েই টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও দক্ষিণ আফ্রিকা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সহজেই ১২৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিল। আর দক্ষিণ আফ্রিকা ৯৬ রানে হারায় শ্রীলঙ্কাকে। কিন্তু ‘বি’ গ্রুপে নিজেদের পরের ম্যাচেই হেরে যায় ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারত ৭ উইকেটে হারে শ্রীলঙ্কার কাছে এবং আর প্রোটিয়ারা বৃষ্টি আইনে ১৯ রানে পাকিস্তানের কাছে হেরে চমক দেখে। তাই গ্রুপে দুই ম্যাচ শেষে চার দলেরই পয়েন্ট সমান ২ করে। ফলে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলো পরিণত নিয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে! শেষ রাউন্ডে যারা জিতবে তারাই কাটবে সেমির টিকিট।

অবশ্য আজকের ম্যাচে র‌্যাংকিংয়ের তিন নম্বর দল ভারতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জই অপেক্ষা করছে। কেননা সীমিত ওভারের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর কোহলিকে ওয়ানডে ফরম্যাটে এতবড় পরীক্ষার সামনে আগে কখনো পড়তে হয়নি। যেই পরীক্ষায় পাশ করতে না পারলে এখান থেকেই বিদায় নিবে ভারতকে। তাই কোহলি দলকে সেমিফাইনালে তুলতে পারেন কিনা, সেটিই এখন দেখার বিষয়।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম দু’ম্যাচেই ৩ শতাধিক রান করে ভারতীয় ব্যাটসম্যানরা। পাকিস্তানের বিপক্ষে বোলাররা দুর্দান্ত করলেও, শ্রীলঙ্কার বিপক্ষে নিষ্প্রভ ছিলেন তারা। তাই বোলিং বিভাগে শক্তি বাড়াতে অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে খেলানোর পরিকল্পনা করছে ভারতীয় ম্যানেজমেন্ট। আর এখন পর্যন্ত ভারতের দুই ম্যাচের একটিতেও খেলেননি অশ্বিন।

তাই ভারতের জয়ই লক্ষ্য বলে জানালেন দলের মিডল-অর্ডার ব্যাটসম্যান কেদার যাদব, ‘আমরা বাঁচা-মরার ম্যাচে দাঁড়িয়ে আছি। জিতলেই সেমিফাইনালে, এটি আমরা বেশ ভালভাবেই জানি। তাই যেভাবেই হোক আমরা এ ম্যাচটি জিততে চাই।  আর বোলিং বিভাগে আমাদের আরও ভালো করতে হবে।’

ভারতের মতো জয় ছাড়া বিকল্প কিছু ভাবছে না দক্ষিণ আফ্রিকা। দলের ব্যাটিং লাইন-আপ বেশ শক্তিশালী। কিন্তু আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পুরোপুরিই ব্যর্থ ছিল এই লাইনআপ। ১১৮ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত ডেভিড মিলারের অপরাজিত ৭৫ রানে ৮ উইকেটে ২১৯ রান করে প্রোটিয়ারা। এরপর ৩ উইকেটে ১১৯ রান তুলে বৃষ্টি আইনে ম্যাচ জিতে যায় পাকিস্তান।

তাই ভারতের বিপক্ষে নিজেদের পরিকল্পনা নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি জানালেন, ‘আগের ম্যাচে দলের ব্যাটসম্যানরা খুবই বাজে ব্যাটিং করেছে। তাদের কোথায় কোথায় ভুল ছিলো সেগুলো খুঁজে বের করে ঠিক করার চেষ্টা করেছি।  আশা করছি এমন ভুল পরের ম্যাচে আর হবে না।’

/এফআইআর/