সোমবার টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। তাদের শুরুটা ভালো ছিল বলা যায়। ২৬ রানে দানুশকা গুনাতিলাকাকে (১৩) আউট করে উদ্বোধনী জুটি ভাঙেন জুনাইদ খান। কুশল মেন্ডিসকে নিয়ে নিরোশান ডিকবেলার প্রতিরোধ খানিকটা দুশ্চিন্তায় ফেলে দেয় পাকিস্তানি বোলারদের। তবে টানা দুই ওভারে ১ রানের ব্যবধানে দুটি উইকেট নিয়ে আবার ম্যাচে ফেরে পাকিস্তান। ৮৩ রানে ৩ উইকেট হারানো লঙ্কানরা ম্যাথুজ ও ডিকবেলার ব্যাটে দ্বিতীয় দফায় প্রতিরোধ গড়েন।
হাফসেঞ্চুরি থেকে খুব বেশি দূরে ছিলেন না ম্যাথুজ। কিন্তু ৩৯ রানে মোহাম্মদ আমিরের কাছে বোল্ড হন অধিনায়ক। এখানেই বড় ব্রেকথ্রু আনে পাকিস্তান। আমির ও জুনাইদের জোড়া আঘাতে ৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। ডিকবেলা ইনিংস সেরা ৭৩ রানে আমিরের দ্বিতীয় শিকার।
২ ও ১৭ রানে দুইবার জীবন পাওয়ার সদ্ব্যবহার করতে পারেননি আসেলা গুনারত্নে। ২৭ রানে হাসান আলীর শিকার তিনি।
জুনাইদ ও হাসান সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। ২টি করে পান আমির ও নতুন মুখ ফাহিম আশরাফ।
/এফএইচএম/