রোহিতের সেঞ্চুরিতে জয়ের পথে ভারত

264457.3২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে একপেশে ভাবেই ব্যাট হাতে জবাব দিচ্ছে ভারত। দুই ওপেনারের দারুণ শুরুর ভিত্তিতেই আসে ৮৭ রান। যদিও ১৪.৪ ওভারে মাশরাফি আঘাত হেনে ভেঙে দেন হুমকি হয়ে ওঠা এই জুটি। তাতেও অবশ্য দমে থাকেনি ভারত। কোহলিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১২৫ রানের জুটি গড়েন ওপেনার রোহিত শর্মা। এ দুজনের ব্যাটে ভর করেই ৩৩ ওভার শেষে এক উইকেটে ২১২ রান সংগ্রহ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রোহিত ব্যাট করছেন ১০২ রানে। হাঁকিয়েছেন ১১তম সেঞ্চুরি। আর ৬৪ রানে ব্যাট করছেন অধিনায়ক বিরাট কোহলি।  

এর আগে অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির শীর্ষ রান সংগ্রাহক হয়েই বিদায় নেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ৩১৭ রান নিয়ে এই তালিকার শীর্ষে আছেন তিনি। ১৫তম ওভারে মাশরাফির ওভারে মনোযোগ ঠিক রাখতে পারেননি। ৪৬ রানে ব্যাট করতে থাকা এই ওপেনার তালুবন্দী হন মোসাদ্দেক হোসেনের হাতে। তার ৩৪ বলের ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কা।

এর আগে বাংলাদেশ টস হেরে ব্যাট করে ৭ উইকেটে ২৬৪ রান তুলে। শুরুর ধাক্কাটা শুরুতে ধাক্কা খেলেও দারুণভাবে কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। আগের ম্যাচের ব্যর্থতা ঝেড়ে স্বরূপে ফেরেন তামিম ইকবাল। সঙ্গে মুশফিকুর রহিমও ছন্দে ফিরলে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। কিন্তু ‘একটার সঙ্গে একটা ফ্রি’ যুগ থেকে এখনও যে বেরোতে পারেনি টাইগাররা! তাই তামিম-মুশফিকের ১২৩ রানের জুটির পরও স্কোর বেশিদূর যায় না। ভারতের নিয়ন্ত্রিত বোলিংটা হয়ে ওঠে আরও ধারালো। সেমিফাইনালের উত্তেজনাকর লড়াইয়ে তামিম-মুশফিক বাদে অন্যরা ছিলেন ব্যর্থ। শেষ দিকে মাশরাফি ব্যাটে ঝড় তোলায় ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পেরেছে ২৬৪ রান।

 

/এফআইআর/