টেস্টের জন্য দুই মাস নির্ধারণ করার পক্ষে রমিজ রাজা

rameez-rajaটেস্ট ক্রিকেট সংরক্ষণে আলোচনা অনেক দিন থেকেই। সেই টেস্ট ক্রিকেটে দর্শক ফেরাতেই নতুন পরামর্শ দিলেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান রমিজ রাজা। টেস্টের জন্য দুই মাস নির্ধারণ করে দেওয়ার পক্ষে তিনি। এমসিসির সভায় কমিটির অন্যতম সদস্য রমিজ বলেছেন, ‘আমার মনে হয় আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভালো একটি পরিকল্পনাই আছে। তাই আমার কাছে মনে হয় টেস্টের জন্য দুই মাস নির্ধারণ করে দেওয়া উচিত। ওই সময় অন্য কিছু হবে না। তাতে করে ভালো তারকারাই সেখানে খেলার সুযোগ পাবে।’

রমিজ রাজার এমন পরামর্শের পেছনে রয়েছে ভিন্ন এক কারণ। যার ব্যাখ্যাও রয়েছে তার কাছে, ‘আসলে এশিয়াতে টেস্টে সূচি সঠিক না থাকার কারণেই এখানে লংগার ভার্সনের প্রতি আগ্রহ কম।’

সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই পদক্ষেপ আশা করেন রমিজ, ‘টেস্ট ক্রিকেটের মর্যাদাকে বুঝতে হবে। আর এটা এশিয়ার ক্রিকেট বোর্ডগুলো থেকেই আসতে হবে।’

এমসিসির এই কমিটিতে আছেন রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালাম, সৌরভ গাঙ্গুলী ও কুমার সাঙ্গাকারা। এই কমিটি টেস্টকে ৫ দিন থেকে ৪ দিন করার বিরোধিতা করেছে। আগে ধারণা ছিল হয়তো এতে ভক্ত সংখ্যা বাড়বে। কিন্তু এবার সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তারা।

/এফআইআর/