টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর সরফরাজ বলেছেন, ‘পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব পাওয়াটা অনেক বড় সম্মানের। গত কিছুদিনে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আমরা যে সাফল্য পেয়েছি, আমার চাওয়া থাকবে একইভাবে যেন টেস্টেও আমরা উন্নতি করতে পারি।’ সঙ্গে যোগ করেছেন, ‘ধন্যবাদ দিতে চাই শাহরিয়ার খানকে আমার ওপর আস্থার রাখার জন্য। একই সঙ্গে সবার প্রতি চাওয়া থাকবে, তারা যেন পাকিস্তানের ক্রিকেটের ওপর আস্থা রাখেন।’
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের জন্য আয়োজন করা হয়েছিল সংবর্ধনা। ওই অনুষ্ঠানেই শাহরিয়ার টেস্ট অধিনায়ক করার প্রস্তাব করেন সরফরাজকে। টি-টোয়েন্টি ও ওয়ানডে দিয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা বাড়িয়ে নেওয়া এই উইকেটরক্ষক লম্বা সংস্করণের চ্যালেঞ্জটাও নেন লুফে। মিসবাহ-উল-হকের উত্তরসূরি হিসেবে এখন নতুন মিশন শুরু করতে যাচ্ছেন সরফরাজ।
এরই সঙ্গে পাকিস্তানের তিন ফরম্যাটের ক্রিকেটেরই অধিনায়কত্ব পেয়ে গেলেন তিনি। ২০১৬ সালের বিশ্ব টি-টোয়েন্টির আসরের পর দায়িত্ব পান কুড়ি ওভারের ম্যাচের, যখন অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান শহীদ আফ্রিদি। এরপর গত ফেব্রুয়ারিতে আজহার আলী ওয়ানডের অধিনায়ক থেকে নিজেকে গুটিয়ে নিলে পাকিস্তানের ৫০ ওভারের ক্রিকেটের নেতৃত্বে আসেন তিনি। আর এবার পেলেন পাঁচ দিনের ক্রিকেটের দায়িত্বও। ক্রিকইনফো
/কেআর/