তরুণ অধিনায়কের সঙ্গে বোঝাপড়ায় ঝামেলা হচ্ছিল বলেই কোচের পদে ইস্তফা দিয়েছিলেন অনিল কুম্বলে। বনিবনা হচ্ছিল না কোচ ও অধিনায়কের মাঝে। দুই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের মাঝে মতের অমিল হওয়ার প্রভাবও পড়েছিল দলের পারফরম্যান্সে। এ কারণেই কি কোহলির সিদ্ধান্তের অপেক্ষায় থাকছেন গাঙ্গুলী-টেন্ডুলকাররা!
রোববার ওয়েস্ট ইন্ডিজে দ্বিপাক্ষিক সিরিজ শেষ করেছে কোহলির ভারত। কয়েক দিনের মধ্যে দেশে ফিরবে দল। এরপরই আলোচনা করা হবে অধিনায়কের সঙ্গে। অর্থাৎ রবি শাস্ত্রী, বীরেন্দর শেবাগ, টম মুডি, ফিল সিমন্স, রিচার্ড পাইবাস ও লালচাঁদ রাজপুতের মধ্যে থেকে কে কোচ হচ্ছেন, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।
সংবাদ সম্মেলনে গাঙ্গুলী বলেছেন, ‘ভারতের পরবর্তী কোচ কে হচ্ছেন, সেই ঘোষণা আমরা আপাতত কয়েক দিনের জন্য স্থগিত রাখছি। কয়েক জনের সঙ্গে আমাদের কথা বলতে হবে, বিশেষ করে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে।’
সাবেক অধিনায়ক স্পষ্ট জানালেন, দুই বছর পরের বিশ্বকাপ সামনে রেখেই কোচ নিয়োগ দেওয়া হবে। ভারতীয় ক্রিকেটের স্বার্থকে প্রাধান্য দিয়ে নেওয়া হবে এ সিদ্ধান্ত। সাক্ষাৎকার পর্ব শেষে গাঙ্গুলী বলেছেন, ‘আমরা ৫ থেকে ৬ জনের সাক্ষাৎকার নিলাম। প্রক্রিয়া শেষ। সবার উপস্থাপনা ছিল অসাধারণ। কিন্তু ভারতের ক্রিকেটের স্বার্থে আমরা যে সেরা সিদ্ধান্ত নিচ্ছি, এটা নিশ্চিত করতে হবে আমাদের। কোচ, অধিনায়ক ও খেলোয়াড়রা ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
ওয়েস্ট ইন্ডিজ থেকে দল ফিরে আসার পর কোহলির সঙ্গে বসবেন গাঙ্গুলী, ‘কোহলিকে বুঝতে হবে কোচ কীভাবে কাজ করে। একই সঙ্গে কোচ নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকায় তাকে কৃতিত্ব দিতেই হবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে সে ফেরার পর আমরা তার সঙ্গে বিস্তারিত আলোচনা করব।’
আগামী ২৬ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগেই ভারত নতুন কোচ পাবে বলে জানালেন উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য গাঙ্গুলী। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, ডিএনএইন্ডিয়া
/এফএইচএম/