বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া

দেনা-পাওনার বিষয়টিতে দুই পক্ষকেই মানসিকভাবে পরিপক্ক হতে বলেছেন টেলর। স্মিথ-ওয়ার্নারদের দেনা পাওনার বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়া ও অসি ক্রিকেটারদের সংগঠন এসিএ সমঝোতায় পৌঁছাতে পারেনি এখনও। তাই আসন্ন বাংলাদেশ সফর ও  অ্যাশেজ সিরিজ রয়েছে ঝুলে।  এই অবস্থায় বাংলাদেশ সফর নিয়ে এখনও আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক মার্ক টেলর। তার ভাষায়, ‘আমি মনে করি এখনও বাংলাদেশ সফরটি হারাইনি। অ্যাশেজটিও হারাতে চাই না।’

দুই পক্ষ সমঝোতায় না পৌঁছালেও শিগগিরই এ নিয়ে নিষ্পত্তি হবে বলে মনে করেন টেলর। এমনকি নিজেও এ নিয়ে কাজ করছেন, ‘আমি এখনও আত্মবিশ্বাসী যে অ্যাশেজ হবে। এমনকি কিছু টেস্টও হবে। আমি এ নিয়ে কাজ করছি। আর অনুমানও করছি দুই পক্ষই এ নিয়ে কাজ করছে। ইতোমধ্যেই আমাদের ক্ষতি হয়ে গেছে। অস্ট্রেলিয়া-এ দলের দক্ষিণ আফ্রিকা সফরটিও বাতিল হয়েছে।’

এই প্রথম বোর্ডের পক্ষ থেকে শীর্ষ স্থানীয় কোনও পরিচালক জনসম্মুখে কথা বললেন। একটি চ্যানেলকে তিনি বলেন, ‘আমার মনে হয় দুই পক্ষেরই সমঝোতায় যেতে হলে নমনীয় হতে হবে। কোনও কিছু দিতে মনস্থির হলে তা নেওয়ার জন্য মন থাকতে হবে। তবে আমরা আশা করছি আমরা খুব কাছেই আছি। আশা করছি নিষ্পত্তির একটি ফল শিগগিরই পাবো। জানি না কখন, তবে দুই পক্ষই এ নিয়ে কঠোর পরিশ্রম করছে।’

কিছুদিন আগেই লভ্যাংশ ভাগাভাগির বিষয়টিতে ছাড় না দেওয়ার কথা বলেছিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। এই বিষয়টিতে ক্রিকেট অস্ট্রেলিয়া নমনীয় অবস্থানে আছে। সেই কথা এবার আরও নমনীয় করেই উপস্থাপন করেছেন টেলর। আগের সমঝোতা চুক্তি শেষ হওয়ার ১১ দিন পর তিনি জানালেন অ্যাশেজ অবশ্যই হবে এবং পরিকল্পনা মতো। তার এই ইঙ্গিতে ধারণা করা যায় শিগগিরই সুদিন আসছে স্মিথ-ওয়ার্নারদের!-ক্রিকইনফো।

 /এফআইআর/