২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচ রবি শাস্ত্রী

জহির, শাস্ত্রী ও দ্রাবিড়দিনভর ভারতীয় সংবাদমাধ্যম খবর ছাপাল- তাদের জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হচ্ছেন রবি শাস্ত্রী। সন্ধ্যার পর বিসিসিআই’র এক কর্মকর্তা জানাল, নতুন কোচের নাম এখনও চূড়ান্ত হয়নি। এনিয়ে কাজ করছে ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি)। তবে রাত গড়াতেই খবর এলো, সাবেক ভারতীয় অলরাউন্ডার ও টিম ডিরেক্টরকেই বসানো হলো অনিল কুম্বলের রেখে যাওয়া শূন্য পদে। বিসিসিআই’র শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন, ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকবেন শাস্ত্রী।

নতুন প্রধান কোচের সঙ্গে দলের বোলিং কোচের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সাবেক ফাস্ট বোলার জহির খান দিক নির্দেশনা দেবেন ভারতের বোলারদের। আর রাহুল দ্রাবিড় হবেন ব্যাটিং পরামর্শক, কেবল বিদেশ সফরে দলের সঙ্গী হবেন সাবেক এ ব্যাটসম্যান। বোর্ডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সিকে খান্না এ খবর নিশ্চিত করেছেন, ‘ক্রিকেট উপদেষ্টা কমিটির সুপারিশের ভিত্তিতে আমরা রবি শাস্ত্রীকে প্রধান কোচের পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া বোলিং কোচ হবেন জহির খান। দুই বছরের জন্য তারা নিয়োগ পাচ্ছেন।’

১৯৯২ সালে অবসরের পর এনিয়ে জাতীয় দলের সঙ্গে তৃতীয়বার যুক্ত হলেন শাস্ত্রী। এর আগে ২০০৭ সালে বাংলাদেশ সফরে ক্রিকেট ম্যানেজার এবং ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত টিম ডিরেক্টরের দায়িত্বে ছিলেন তিনি।

গত জুনে চ্যাম্পিয়নস ট্রফির পর অনিল কুম্বলে পদত্যাগ করলে কোচের পদটি ফাঁকা হয়ে পড়ে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বনিবনা না হওয়ায় চুক্তির মেয়াদ আর বাড়াননি তিনি। তবে কোহলির সঙ্গে শাস্ত্রীর সুসম্পর্ক মাথায় রেখেই হয়তো তাকে চূড়ান্ত করল বোর্ড ও উপদেষ্টা কমিটি। বীরেন্দর শেবাগ, টম মুডি, রিচার্ড পাইবাস ও লালচাঁদ রাজপুতের মতো  প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দুই বছরের জন্য দায়িত্ব নেবেন ৫৫ বছর বয়সী।

গত বছরও কোচের পদে আবেদন করেছিলেন শাস্ত্রী। কিন্তু কুম্বলের কাছে হেরে যান তিনি। কারণ তার ডিরেক্টর থাকাকালে খুব ভালো কিছু করতে পারেনি ভারত। যদিও ২০১৫ সালের বিশ্বকাপ ও ২০১৬ সালের বিশ্ব টি-টোয়েন্টির সেমিফাইনাল খেলেছিল তারা। এমনকি টেস্ট র‌্যাংকিংয়েও সবার উপরে উঠেছিল ভারত। এবার বিশ্বকাপ সামনে রেখে তাকে আরেকবার সুযোগ দিল বোর্ড।

কোচিংয়ে কোনও আনুষ্ঠানিক অভিজ্ঞতা না থাকলেও জহির সম্প্রতি আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের পরামর্শক ছিলেন। দ্রাবিড়ের ছেড়ে যাওয়া পদেই বসেন তিনি। আইপিএল অধ্যায় শেষে ভারত ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে দুই বছরের জন্য কোচ হিসেবে চুক্তিবদ্ধ হন দ্রাবিড়। ক্রিকইনফো

/এফএইচএম/