নতুন এ প্রতিযোগিতায় খেলা হবে ১০ ওভারের। ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর হবে এর প্রথম আসর। টিম পাঞ্জাবিস, টিম পাখতুনস, টিম মারাঠা, টিম বাংলাস, টিম লঙ্কানস, টিম সিন্ধিস ও টিম কেরালিটিসের লড়াই হবে সেখানে।
গেইল-আফ্রিদি ছাড়াও শ্রীলঙ্কা ও ভারতের সাবেক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও বীরেন্দর শেবাগ খেলবেন নতুন রূপের এ ক্রিকেটে। চারদিনের এ প্রতিযোগিতা হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে।
টেন ক্রিকেট লিগের প্রেসিডেন্ট শাজি উল মুলক বুধবার বলেছেন, ‘৯০ মিনিটের পর্যায়ে ক্রিকেটকে আনতে টি১০ এর ধারণা দারুণ। আমরা উচ্ছ্বসিত। আমরা টি-টোয়েন্টি উপভোগ করি, এবার টি১০ এর অভিজ্ঞতা নেবেন। আমরা দক্ষিণ এশীয়দের কথা মাথায় রেখে এ লিগ চালু করছি।’
পাখতুনসের অধিনায়ক হিসেবে এদিন আফ্রিদির নাম ঘোষণার পর ফ্র্যাঞ্চাইজির মালিক হাবিব খান বলেছেন, ‘অন্যতম সেরা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে পেয়ে আমি রোমাঞ্চিত। তিনি আমাদের দলকে নেতৃত্ব দেবেন এবং পাখতুনসকে পুরো শক্তি দিয়ে লড়তে দেখবেন।’ হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া