‘কোচকে আরেকটি নির্ঘুম রাত উপহার দিতে চাই’

অনুশীলনে কোচ হাথুরুসিংহের সঙ্গে পরামর্শ করছেন মুশফিক। ছবি-বিসিবিমিরপুর টেস্টের একাদশ নির্বাচন নিয়ে বেশ দুশ্চিন্তায় বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শুক্রবার গভীর রাতে দলে সবাই যখন ঘুমিয়ে, হাথুরুসিংহে তখন টুইটারে দুশ্চিন্তার কথা জানিয়েছেন এভাবে, “খুব কঠিন জায়গা, মানুষের ‘আবেগ’ নাকি ‘টিম কম্বিনেশন’। নির্ঘুম রাত!” কোচের যন্ত্রণা বুঝতে পারছেন মুশফিকুর রহিমও। তবে কিছুটা ‘নির্দয়’ হয়ে হাথুরুসিংহেকে আরেকটি নির্ঘুম রাত ‘উপহার’ দেওয়ার সংকল্প বাংলাদেশ অধিনায়কের।

প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে শুরুতে ছিলেন না মুমিনুল হক। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যানের বাদ পড়া নিয়ে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। কোনও কোনও সংবাদ মাধ্যমে মুমিনুলের বাদ পড়ার জন্য অভিযোগের আঙুল তোলা হয় কোচের দিকে। পরদিনই মোসাদ্দেক হোসেনের চোখের সমস্যার কারণে দলে ফেরানো হয় মুমিনুলকে। তাই হাথুরুসিংহের টুইটেই পরিষ্কার, একাদশ নিয়ে কতটা দুর্ভাবনা কাজ করছে তার মনে।

মুশফিক এক্ষেত্রে কোচের প্রতি সহমর্মী। শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘১৪ জন থেকে ১১ জনের দল করা কঠিন। একজন কোচের জন্য এটা বড় সমস্যা। তবে সবচেয়ে ভালো কথা, আমাদের দলে যথেষ্ট বিকল্প খেলোয়াড় আছে।’ এরপর ‘নির্ঘুম রাত’ প্রসঙ্গে মুশফিকের মন্তব্য, ‘আমরা ভালো খেলে ম্যাচটা জিততে পারলে খুশিতে কোচের ঘুম হবে না! আমরা তাকে আরেকটি নির্ঘুম রাত উপহার দিতে চাই।’