‘সামর্থ্যের ৮০ ভাগ খেলেই অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব’

80c2f10b6f62f9d56a8c9ec863741e63-59299d8128aa3দুই বছরেরও বেশি সময় পর টেস্ট খেলার সুযোগ পেয়েছেন নাসির হোসেন। কিন্তু সেটার সদ্ব্যবহার করতে পারেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার প্রথম ইনিংসে রান ২৩, পরেরবার রানের খাতা খুলতে পারেননি। অবশ্য তার ব্যর্থতা ঢাকা পড়ে গেছে দলের জয়ে। অপরিবর্তিত দল নিয়েই অসিদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলবে বাংলাদেশ। এবার দলকে কিছু একটা দিতে চান নাসির। একই সঙ্গে তার বিশ্বাস, অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ম্যাচেও হারানো সম্ভব।
চট্টগ্রাম টেস্টের শনিবারের অনুশীলনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নাসির। এদিন দুপুরে তার সঙ্গে আরও ৫ ক্রিকেটার অনুশীলন করেছেন চন্ডিকা হাথুরুসিংহের অধীনে। শেষ টেস্ট জেতার জন্যই কঠোর অনুশীলন করছে দলের সবাই, এমনটা বলেছেন ২৫ বছর বয়সী অলরাউন্ডার।

নাসির আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘ভালো সুযোগ আছে আমাদের। প্রথম ম্যাচ জিতেছি আমরা। আমরা খুব ভালো খেলছি। আমরা যদি আমাদের সামর্থ্যের ৮০ ভাগও খেলতে পারি, তাহলে অস্ট্রেলিয়াকে যে কোনও পরিস্থিতিতে হারানো সম্ভব।’

মিরপুর টেস্টে ছিল স্পিনারদের স্বর্গ রাজ্য। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামেও হচ্ছে স্পিনিং উইকেট। প্রথম টেস্ট খেলে অস্ট্রেলিয়াও বুঝেছে বাংলাদেশের বিপক্ষে লড়তে হলে স্পিন শক্তি বাড়াতে হবে। এজন্য পেসার জশ হ্যাজেলউডের ইনজুরিতে বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফকে উড়িয়ে এনেছে অসিরা।

নাসির অবশ্য এনিয়ে ভাবছেন না। কাউকেই হুমকি মনে করছেন না তিনি, ‘কঠিন মনে করলেই কঠিন। একজন বোলার যদি ভালো জায়গায় বল করে সে যেই ব্যাটসম্যান হোক না কেন, তার জন্য কঠিন। আবার একজন নামকরা বোলার যখন খারাপ জায়গায় বল করে ওটা খারাপ। ওসব নিয়ে চিন্তা করার কিছু নেই। আমাদের দলে ভালো বোলারদের মোকাবেলা করার মতো ভালো ব্যাটসম্যান আছে।’