গত আগস্টে চোখের কর্নিয়ায় সংক্রমণ দেখা যায় মোসাদ্দেকের। কিন্তু এখনও ঠিক হয়নি বলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তাকে। যদিও সেখানে একা যাচ্ছেন না তিনি। তার সঙ্গী বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। মোসাদ্দেকের মতো একই সমস্যায় ভুগছেন তিনি।
বিমানে চড়ার আগে ‘বাংলা ট্রিবিউন’কে মোসাদ্দেক বলেছেন, ‘চোখের সমস্যা এখনও রয়ে গেছে। তাই থাইল্যান্ড যাচ্ছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ফিরতে পারব।’
ঝুঁকি এড়াতে জাতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী, ‘মঙ্গলবার থাইল্যান্ডের চিকিৎসকের সঙ্গে মোসাদ্দেক দেখা করবে। সেখানে আমাদের পরিচিত চক্ষু বিশেষজ্ঞ আছে। ওর চোখের সমস্যা খুব মারাত্মক নয়, তারপরও আমরা ঝুঁকি নিতে চাচ্ছি না।’
দীর্ঘ ৯ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এ মাসের ১৬ তারিখ দেশ ছাড়ছে বাংলাদেশ দল। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তামিম-মুশফিকরা। সোমবার টেস্ট স্কোয়াড ঘোষণা হলেও সীমিত ওভারের সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়নি। সামনের দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠলে ওই স্কোয়াডে মোসাদ্দেককেও দেখা যেতে পারে।
‘বাংলা ট্রিবিউন’কে তেমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘মোসাদ্দেক যদি দ্রুত ভালো হয়ে যায়, আর সে যদি ফিট থাকে, তাহলে ওয়ানডে ও টি–টোয়েন্টিতে খেলতে পারবে। যদিও এখনই কোনও কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত এক টেস্ট, ১৮ ওয়ানডে এবং ৬টি টি-টোয়েন্টি খেলেছেন মোসাদ্দেক।