আপাতত তিন মাসের ‘ছুটি’ মঞ্জুর হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে বিশ্রাম পাচ্ছেন তিনি। তার এমন সিদ্ধান্তে টাইগারভক্তদের আশঙ্কা, ‘তবে কি সাকিব শিগগিরি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন?’ বিশ্বসেরা অলরাউন্ডার নিজেই উড়িয়ে দিয়েছেন এমন গুঞ্জন।
মঙ্গলবার রাজধানীর বনানীতে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে সাকিব আরও পাঁচ-ছয় বছর জাতীয় দলে খেলার সংকল্পের কথা জানিয়েছেন। পাশাপাশি সবার শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করে তার মন্তব্য, ‘এমন তো না যে আমি আর ক্রিকেটই খেলবো না। অবশ্যই খেলবো, কেন খেলবো না! আমার ইচ্ছা, সবার পরে টেস্ট থেকে অবসর নেওয়ার। আগে টি-টোয়েন্টি আর ওয়ানডে থেকে অবসর নেবো, সবার শেষে টেস্ট থেকে।’
তার সিদ্ধান্ত সম্পর্কে কে, কী ভাবছে তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন সাকিব, ‘মনের কথা সবসময় সবাইকে বলার দরকার আছে বলে মনে করি না। আমার ভেতরে কী আছে, আমি তা জানি। অন্য সবার মতো আমিও যথেষ্ট সচেতন। কী করলে ভালো হবে, তা আমি ভালোই বুঝি। এক-দুই বছরের চেয়ে পাঁচ-ছয় বছর মনোযোগ দিয়ে খেলা অনেক বেশি জরুরি। এ কারণেই আমি ছুটি নিয়েছি।’