সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত খেলে চলেছেন কোহলি। ১৯৪ ওয়ানডেতে ৩০টি সেঞ্চুরি করে রিকি পন্টিংকে স্পর্শ করেছেন। ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এখন ভারতীয় অধিনায়ক দুই নম্বরে। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে স্বাগতিকদের ৫-০ তে হারাতে টানা সেঞ্চুরি করেছিলেন কোহলি।
অন্যদিকে টেস্টে স্মিথের রেকর্ড ভালো। কোহলির যেখানে ৪৯.৫৫ গড় রান, সেখানে স্মিথ প্রায় ৬০ এর কাছাকাছি। বছরের শুরুতে ভারতে চার টেস্টের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন অসি অধিনায়ক।
দুই অধিনায়ক দুই ফরম্যাটে একে অন্যের চেয়ে এগিয়ে। ক্লার্কের মতে স্বাভাবিকভাবে সামনের কয়েকদিন চলবে তাদের দুজনকে নিয়ে তুলনা। এর আগে নিজের রায় জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক, ‘সীমিত ওভারের ক্রিকেটে স্মিথের চেয়ে কোহলি এগিয়ে মনে করি আমি। কিন্তু স্মিথ একজন ভালো টেস্ট ব্যাটসম্যান বলে বিশ্বাস আমার।’
মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ক্লার্ক বলেছেন, ‘আগামী কয়েক দিন প্রত্যেকে স্মিথ বনাম কোহলির তুলনা করতে চাইবে। কিন্তু দিন শেষে একটি ব্যাপারই আসল হবে, সেটা হলো জয়। কোহলি না স্মিথ কে রান করলো সেটা ব্যাপার নয়। অধিনায়ক হিসেবে প্রত্যেকের দায়িত্ব দলকে জেতানো।’ ক্রিকইনফো