পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার

cricket-aus-pak_2454c4d4-e3b8-11e6-9542-52468f740e4aপাকিস্তানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত হলে আইসিসি তার সদস্য দেশগুলোকে সেখানে পাঠানোর পরিকল্পনা করছে। কিন্তু অস্ট্রেলিয়া তাদের অবস্থান পরিষ্কার করে দিলো। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানালেন, নিকট ভবিষ্যতে পাকিস্তান সফরের কোনও পরিকল্পনা তার দলের নেই।

বর্তমানে নির্বিঘ্নভাবে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে খেলছে বিশ্ব একাদশ। সবকিছু দেখে সেখানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করছে আইসিসি। গত বুধবার দ্বিতীয় ম্যাচটি দেখতে গিয়ে লাহোরে সাংবাদিকদের এ কথা জানান ক্রিকেটের শীর্ষ সংস্থার নির্বাহী প্রধান ডেভিড রিচার্ডসন।

তবে সাদারল্যান্ড এনিয়ে সংশয়ী। আগামী বছরের অক্টোবরে দুই দলের সিরিজ আছে। কিন্তু সেটা পাকিস্তানে হওয়ার সম্ভাবনা খুব একটা দেখছেন না ক্রিকেট অস্ট্রেলিয়ার এ কর্মকর্তা। শুক্রবার সিডনিতে তিনি বলেছেন, ‘অনেক ধাপে এ প্রক্রিয়া এগোবে। নিকট ভবিষ্যতে পাকিস্তানে আমাদের খেলার কোনও পরিকল্পনা আছে বলে দেখছি না আমি।’

পাকিস্তানে ১৯৯৮ সালের পর থেকে খেলেনি অস্ট্রেলিয়া। ওইবার তিন টেস্টের সিরিজ ১-০ তে জিতেছিল সফরকারীরা। এরপর থেকে গত এক দশকে পাকিস্তানের হোম সিরিজে অস্ট্রেলিয়া খেলেছে সংযুক্ত আরব আমিরাতে।