শুক্রবার চা-বিরতি শেষে তৃতীয় সেশন শুরু হওয়ার ঠিক আগে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সন্দেহ নেই, স্বাগতিকদের এমন সিদ্ধান্ত অবাক করেছে অনেককেই। তবে তার চেয়েও বড় বিস্ময়ের জন্ম অন্য একটি কারণে। ওপেনিংয়ে ইমরুল কায়েসের সঙ্গে লিটন দাসকে দেখে সবার মনেই প্রশ্ন জেগেছে, কেন নেই তামিম? প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পায়ের পেশিতে টান পড়ায় আর খেলতে পারেননি। বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান কি আবারও ইনজুরিতে পড়লেন?
না, সুস্থই আছেন তামিম। কিন্তু দ্বিতীয় সেশনের একটা লম্বা সময় মাঠের বাইরে থাকায় তিনি ওপেনিংয়ে নামতে পারেননি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, চা-বিরতির আগে ৪৯ মিনিট মাঠের বাইরে ছিলেন তামিম। নিয়ম অনুযায়ী, একজন ফিল্ডার যতক্ষণ মাঠের বাইরে থাকেন, দল ব্যাটিংয়ে নামলে ততক্ষণ তার নামার সুযোগ নেই। তামিমকেও তাই অন্তত ৪৯ মিনিট থাকতে হবে মাঠের বাইরে।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস হয়তো এই নিয়মের সুবিধাই কাজে লাগিয়েছেন! কিছুটা অপ্রত্যাশিতভাবে চা-বিরতির ঠিক পরই ইনিংস ঘোষণা করেছেন তিনি। যে কারণে টাইগারদের দুই উইকেট চলে যাওয়ার পরও নামতে পারেননি তামিম।
ডু প্লেসিস অবশ্য এই নিয়মের সুবিধা এবারই প্রথম নিলেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষেও এমন সুবিধা নিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার সেরা ওপেনার ডেভিড ওয়ার্নারকে মাঠের বাইরে দেখে প্রোটিয়া অধিনায়ক ঘোষণা করেছিলেন ইনিংস। ফলে সুস্থ থেকেও ইনিংস শুরু করতে পারেননি ওয়ার্নার।