জাতীয় লিগে নাদিফের অনবদ্য ১৬৬

 

দারুণ এক সেঞ্চুরি এসেছে নাদিফের ব্যাট থেকে১৯তম জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে বৃষ্টির বাধা এড়িয়ে দারুণ সেঞ্চুরি করেছেন নাদিফ চৌধুরী। তার ১৬৬ রানের চমৎকার ইনিংসে ভর করে খুলনার বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ঢাকার সংগ্রহ সাত উইকেটে ৪৮৪ রান।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চার উইকেটে ১৩২ রানে দিন শুরু করা ঢাকার ইনিংসকে পাঁচ শ’র কাছাকাছি নিয়ে যেতে সবচেয়ে বড় অবদান নাদিফের। সপ্তম উইকেটে মোশাররফ হোসেনের সঙ্গে ২২৭ রানের বিশাল জুটি গড়েছেন তিনি।

দিনের খেলা শেষ হওয়ার মাত্র ১০ বল আগে আউট হওয়া নাদিফ ক্রিজে ছিলেন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা। তার ২৩৯ বলের আক্রমণাত্মক ইনিংসটি নির্মিত ১৭টি চার ও ছয়টি বিশাল ছক্কায়।

দিনশেষে ৯৮ রানে অপরাজিত মোশাররফের সামনে সেঞ্চুরির হাতছানি। তাইবুর রহমানের ৭৯ আর শুভাগত হোমের ৬৬ রানের দুটো কার্যকর ইনিংসও বড় সংগ্রহ এনে দিয়েছে ঢাকা বিভাগকে। চট্টগ্রামের পক্ষে মেহেদি হাসান তিনটি ও আল আমিন হোসেন দুটি উইকেট নিয়েছেন।

দুই দিন চলে গেলেও তৃতীয় রাউন্ডের দুটি ম্যাচে একটি বলও হতে পারেনি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট-চট্টগ্রাম এবং রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশাল-রংপুর ম্যাচে টসই হতে পারেনি এখনও!