সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিপিএল শুরু হবে ৪ নভেম্বর। আগের সূচিতে ১৫ ও ১৬ নভেম্বর বিরতি ছিল। নতুন সূচিতে বিরতি থাকবে ১৬ নভেম্বর।
সূচি অনুযায়ী, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্স খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। প্রথম দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স।
প্রতিদিনই হবে দুটি করে ম্যাচ। শুক্রবারের ম্যাচ দুটো শুরু হবে দুপুর আড়াইটা এবং সন্ধ্যা সোয়া ৭টায়। অন্য দিনগুলোতে দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে খেলা।
পঞ্চম আসরে খেলা হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। ৪ থেকে ৮ নভেম্বর সিলেটে হয়ে ১১ থেকে ২১ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে ব্যাট-বলের লড়াই। এরপর ২৪ থেকে ২৯ নভেম্বর চট্টগ্রামে হয়ে ২ ডিসেম্বর থেকে ফাইনাল পর্যন্ত ঢাকায় হবে খেলা। ফাইনাল ১২ ডিসেম্বর, পরদিন রিজার্ভ ডে রাখা হয়েছে ফাইনালের জন্য।