মিজানুরের সেঞ্চুরিতে চট্টগ্রামকে রাজশাহীর পাল্টা জবাব

মিজানুর রহমানের সেঞ্চুরিসাজ্জাদুল হক ও সাঈদ সরকারের হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৬০ রান করেছিল চট্টগ্রাম। জবাবে মিজানুর রহমানের সেঞ্চুরি ও দেলোয়ার হোসেনের হাফসেঞ্চুরিতে লিড নেওয়ার ইঙ্গিত দিচ্ছে রাজশাহী। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পঞ্চম রাউন্ডের এ ম্যাচে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হাতে রেখে তারা পিছিয়ে ৩১ রানে। ৫ উইকেটে ২২৯ রান করেছে রাজশাহী।

শনিবার ২ উইকেটে ৩৪ রানে ব্যাট করতে নামে রাজশাহী। ২০ রানে অপরাজিত থাকা মিজানুর দারুণ এক সেঞ্চুরি তুলে নেন এদিন, খেলেন ১০২ রানের ইনিংস। ১৬৩ বলে ১৩টি চার ও ২টি ছক্কা ছিল তার ইনিংসে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা তার ষষ্ঠ সেঞ্চুরি।

তৃতীয় উইকেটে দেলোয়ারের সঙ্গে ১৫৩ রানের জুটি গড়েন মিজানুর। ৬২ রানের ইনিংস খেলে রানআউট হন দেলোয়ার। তবে দিন শেষ হওয়ার আগে ২৪ রানে ৩ উইকেট হারায় তারা। অধিনায়ক ফরহাদ হোসেন ও তৌহিদ হৃদয় ২১ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রতিরোধ গড়েন।

চট্টগ্রামের মেহেদী হাসান, হাসান মাহমুদ, শাখাওয়াত হোসেন ও ইফতেখার সাজ্জাদ একটি করে উইকেট নিয়েছেন।