বিশুর স্পিনে জিম্বাবুয়েকে হারালো উইন্ডিজ

ম্যাচের সেরা হয়েছেন বিশুবুলাওয়ে টেস্টে স্পিনারদের জয়জয়কার। দুই ইনিংসেই জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার ও শন উইলিয়ামস তাদের জাদু দেখালেন। তবে এক ধাপ এগিয়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার দেবেন্দ্র বিশু। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে একদিন হাতে রেখেই দলকে জেতালেন তিনি। মঙ্গলবার ১১৭ রানে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো উইন্ডিজ। আগামী ২৯ অক্টোবর এই ভেন্যুতেই হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।

৮ উইকেটে ৩৬৯ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের প্রথম বলেই কেমার রোচ বোল্ড হন ক্রেমারের বলে। রোস্টন চেজ ৯১ রানে দিন শুরু করেছিলেন। কিন্তু পারেননি সেঞ্চুরি করতে। ৯৫ রানে তিনি বোল্ড হন উইলিয়ামসের কাছে।

প্রথম ইনিংসে ২১৯ রান করা উইন্ডিজ ৩৭৩ রানে অলআউট দ্বিতীয় ইনিংসে। তাদের লিড ৪৩৩ রানের। ৪৩৪ রানের লক্ষ্যে নেমে ৩১৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে তারা করেছিল ১৫৯ রান।

জিম্বাবুয়ে ম্যাচ বাঁচাতে পুরো ছয় সেশন হাতে পেয়েছিল, কিন্তু সামনে বিশাল লক্ষ্য। অবশ্য হ্যামিলটন মাসাকাদজা ও সলোমন মায়ারের ৯৯ রানের জুটি প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল। চা বিরতির আগে কেবল তাদের জুটিতেই দেখা গিয়েছে স্বাগতিকদের টিকে থাকার লড়াই। কিন্তু রোচ, বিশু ও ক্রেইগ ব্র্যাথওয়েট তাদের সব আশায় জল ঢেলে দেন। ৪ উইকেটে ১৫৯ রানে দ্বিতীয় সেশন শেষ করে জিম্বাবুয়ানরা, যার দুটি উইকেটই নেন বিশু।

দিনের শেষ সেশনে ব্রেন্ডন টেলর একাহাতে লড়ছিলেন। উপযুক্ত সঙ্গ পাননি কারও কাছ থেকে। ব্র্যাথওয়েটের থ্রোতে উইকেটরক্ষক শেন ডউরিচ ইনিংস সেরা ৭৩ রানে তাকে রান আউট করেন। ৯৭ রানে শেষ সেশনে বাকি ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে। টেলরের পর ৫৭ রানের সেরা ইনিংস খেলেন মাসাকাদজা। আরেক ওপেনার মায়ার আউট হন ৪৭ রানে।

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন বিশু। তিনি পেলেন দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট, ৩২ ওভারে দেন ১০৫ রান। দুই ইনিংসে ১৮৪ রান দিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন এই ক্যারিবীয় স্পিনার। চেজ দ্বিতীয় ইনিংসে নেন ২ উইকেট। ক্রিকইনফো