২০ ওভারের ওয়ানডে খেলে সিরিজ শান্তদের

A Teamবাংলাদেশ ‘এ’ এবং আয়ারল্যান্ড ‘এ’ দলের তৃতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল গত শনিবার। কিন্তু বৃষ্টির কারণে দুই দফা পিছিয়ে ম্যাচটি মাঠে গড়ায় মঙ্গলবার। চতুর্থ ও পঞ্চম ম্যাচের দিন ঠিক হয় বুধ ও বৃহস্পতিবার। বুধবার চতুর্থ ম্যাচ অবশ্য ৫০ ওভার নয়, নেমে আসে ২০ ওভারে।

এ বিষয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘টানা তিন দিন ৫০ ওভারের ম্যাচ খেলা কঠিন। তাই দুই দল চতুর্থ ম্যাচটি ২০ ওভার খেলার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার শেষ ওয়ানডে অবশ্য ৫০ ওভারই হবে।’

চতুর্থ ওয়ানডে ৪ উইকেটে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচের সিরিজ ৩-০তে এগিয়ে যাওয়ায় শেষ ম্যাচ হারলেও সমস্যা নেই স্বাগতিকদের।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানের ভালো সংগ্রহ গড়েছে আয়ারল্যান্ড ‘এ’ দল। অতিথিদের পক্ষে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস এসেছে অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নির ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান শন টেরির। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে স্বাগতিকদের সেরা বোলার ইমরান আলী।

জবাবে ৪৪ রানে দুই ওপেনারকে হারালেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আল-আমিন জুনিয়রের দৃঢ়তায় জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। তৃতীয় ‍উইকেটে ৫৮ রানের জুটি গড়েছেন দুজনে। মাত্র ৪০ বলে আটটি চার ও দুটি ছক্কায় ৬৭ রান করেছেন আল-আমিন। নাজমুলের ব্যাট থেকে এসেছে ৪৭ রানের আরেকটি ঝড়ো ইনিংস। ২৬ বলের অধিনায়কোচিত ইনিংসটি নির্মিত চারটি চার ও তিনটি ছক্কায়।

দুই বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছানোর সময় আবুল হাসান ১০ ও মেহেদী হাসান দুই রানে অপরাজিত ছিলেন।